ফ্লোরিডায় অনুষ্ঠিত মেজর লিগ সকার (এমএলএস) ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ইন্টার মায়ামি মন্ট্রিয়েলকে ৭-১ গোলে পরাজিত করেছে। টানা পাঁচ ম্যাচে জয়ের খোঁজে থাকা দলটির জন্য অধিনায়ক লিওনেল মেসি ছিলেন নির্ভরশীল। আর্জেন্টাইন তারকা তাই দলের প্রয়োজনেই ঝলমল করেছেন এবং একাই চার গোল করে ম্যাচের গুরুত্বপূর্ণ মোড় ঘুরিয়ে দেন।

ম্যাচের শুরুতেই কাসেমিরো ২০ মিনিটে মাথা দিয়ে গোল করে মায়ামিকে এগিয়ে দেন। বিশ্বকাপের পর ক্লাবে যোগ দেওয়া এই ব্রাজিলিয়ান তারকার এটিই প্রথম গোল। তবে ৩৭ মিনিটে বক্সের বাইরে থেকে নিচু শটে ফ্যাবিয়ান হারবার্স সমতা ফেরান মন্ট্রিয়েলের হয়ে। এরপরই মেসির ঝলক দেখা যায়। ৪০ মিনিটে ফ্রি-কিক থেকে বাঁকানো ও নিচু শটে গোলরক্ষক থমাস গিলিয়েরকে বিভ্রান্ত করে স্কোরলাইন ২–১ করেন তিনি।

বিরতির পর মেসির দাপট আরও তীব্র হয়। ৫১ মিনিটে একাধিক ডিফেন্ডারকে কাটিয়ে দ্বিতীয় গোলটি করেন আর্জেন্টাইন অধিনায়ক। ৮০ মিনিটে মেসির অ্যাসিস্টে লুইস সুয়ারেজ গোল করেন। এরপর ৮৩ মিনিটে রদ্রিগো দি পলের পাস ধরে এগিয়ে গোলরক্ষকের মাথার ওপর দিয়ে বল জালে পাঠিয়ে হ্যাট্রিক পূর্ণ করেন মেসি। যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে ফ্রি-কিক থেকে আরেকটি দুর্দান্ত বাঁকানো শটে নিজের নামে চতুর্থ গোলটি তুলে নেন তিনি।

বর্তমান এমএলএস মৌসুমে মেসি ১৯ ম্যাচে ১৮ গোল করেছেন। দ্বিতীয় স্থানে থাকা এফসি ডালাসের পিটার মুসার গোল সংখ্যা ১৬টি। মায়ামির হয়ে অ্যালেক্স শ-ও একটি গোল করেছেন।

এই জয়ের মাধ্যমে পাঁচ ম্যাচের জয়খরা কাটাচ্ছে ইন্টার মায়ামি। ইস্টার্ন কনফারেন্সে তারা দ্বিতীয় স্থানে রয়েছে। যদিও শীর্ষস্থানীয় ন্যাশভিলের চেয়ে এখনও দশ পয়েন্টে পিছিয়ে আছে মায়ামি। মেসির ক্যারিয়ারে এটিই এক ম্যাচে চার বা তার বেশি গোল করার অষ্টম ঘটনা। তবে মায়ামির হয়ে এটিই প্রথম। সর্বশেষ ২০২০ সালের ফেব্রুয়ারিতে বার্সেলোনার হয়ে চার গোল করেছিলেন আটবারের ব্যালন ডি’অর জয়ী।