জাভেদ মিয়াঁদাদের পর এবার ইমরান খানের জন্য আওয়াজ তুললেন পাকিস্তানের আরেক সাবেক অধিনায়ক মঈন খান। ১৯৯২ বিশ্বকাপজয়ী পাকিস্তান দলের সদস্য মঈন শুধু ইমরানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগই প্রকাশ করেননি, সাবেক অধিনায়কের প্রতি সমর্থন জানাতে পাকিস্তানের অন্য ক্রিকেটারদেরও মুখ খুলতে বলেছেন।
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান ২০২৩ সাল থেকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দী। তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়েছে বলে সম্প্রতি উদ্বেগ বাড়ছে। চিকিৎসা নিয়ে ইমরানকে তাঁর প্রাপ্য অধিকার দেওয়ার জন্য পাকিস্তান সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন মঈন।
.একটি ভিডিও বার্তায় ৫৪ বছর বয়সী মঈন বলেছেন, ‘আমাদের অধিনায়ক ইমরান খান, আপনারা সবাই জানেন, এখন আদিয়ালা কারাগারে আছেন। এ মুহূর্তে তাঁর শারীরিক অবস্থা বেশ খারাপ।’
এরপর পাকিস্তানের কর্তৃপক্ষ, সরকার এবং আদিয়ালা কারাগার পরিচালনার সঙ্গে যুক্ত ব্যক্তিদের প্রতি সরাসরি আবেদন জানান সাবেক এই উইকেটকিপার–ব্যাটসম্যান। তিনি বলেন, ‘আমি আবারও কর্তৃপক্ষ, পাকিস্তান সরকার এবং আদিয়ালা কারাগার পরিচালনার সঙ্গে যুক্ত সবার কাছে অনুরোধ করব, সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তানের একজন নাগরিক হিসেবে আমাদের অধিনায়কের যে অধিকার, বিশেষ করে চিকিৎসার অধিকার, সেটি যেন নিশ্চিত করা হয়।’
ইমরানের প্রয়োজনীয় সব চিকিৎসার ব্যবস্থা করার আহ্বানও জানিয়েছেন মঈন, ‘তাঁর যা যা প্রয়োজন, সেগুলো যেন নিশ্চিত করা হয়।’
.ইমরান খানের মুক্তির দাবি করে মিয়াঁদাদ কেঁদে বললেন, ইমরান সৎ মানুষ.শুধু সরকার বা কারা কর্তৃপক্ষের কাছেই আবেদন জানিয়ে থামেননি মঈন। নিজের সতীর্থ ও পাকিস্তানের সাবেক-বর্তমান ক্রিকেটারদেরও ইমরানের পক্ষে কথা বলার আহ্বান জানিয়েছেন তিনি, ‘আমি অন্য ক্রিকেটারদেরও তাঁর পক্ষে কথা বলতে এবং সমর্থনের আওয়াজ তুলতে অনুরোধ করছি।’
ইমরানের নেতৃত্বে ১৯৯২ সালে পাকিস্তান প্রথমবারের মতো বিশ্বকাপ জিতেছিল। সেই দলে থাকা মঈন সাবেক অধিনায়কের কাছে নিজের প্রজন্মের ক্রিকেটারদের ঋণের কথাও স্মরণ করিয়ে দিয়েছেন, ‘পাকিস্তান ক্রিকেটে ইমরান খানের অবদান অনেক। আমরা যারা তাঁর সময়ে খেলেছি, তাঁর কাছ থেকে অনেক কিছু শিখেছি। তিনি পাকিস্তান ক্রিকেটকে অনেক কিছু দিয়েছেন।’
মঈনের আগে জাভেদ মিয়াঁদাদও ইমরানের কারাবন্দিত্ব ও স্বাস্থ্য নিয়ে কথা বলেছেন। পাকিস্তানের সাবেক কোনো প্রভাবশালী ক্রিকেটার হিসেবে মিয়াঁদাদই প্রথম সরাসরি ইমরানের কারামুক্তির দাবি জানান। তাঁর পরই মুখ খুললেন ১৯৯২ বিশ্বকাপজয়ী দলের আরেক সদস্য মঈন।
.ইমরানের জন্য আবারও সরব সাবেক অধিনায়করা, প্রধানমন্ত্রীর কাছে এবার ২১ জনের চিঠি