ব্রাহ্মণবাড়িয়ার জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসায় গত শনিবার (২৯ আগস্ট) সকালে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেন। এই সময় দুই পক্ষের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভালোবাসা অটুট রাখার বিষয়ে মতবিনিময় ও অঙ্গীকার ব্যক্ত করা হয়।

মাদ্রাসা কার্যালয়ে আয়োজিত এই সাক্ষাৎকারে মাদ্রাসা কর্তৃপক্ষ এনসিপি নেতাদের সম্মানসূচক টুপি পরিয়ে দেন।

এনসিপি প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের আহ্বায়ক আশরাফ উদ্দিন মাহদি, কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো. আতাউল্লাহ, জাতীয় যুবশক্তির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল এবং এনসিপির সংগঠক (দক্ষিণাঞ্চল) আব্দুল্লাহ আল মাহমুদ জিহান।

মাদ্রাসা পক্ষ থেকে সাক্ষাৎকারে অংশ নেন জামিয়া ইউনুছিয়া ব্রাহ্মণবাড়িয়ার মুহতামিম ও জেলা হেফাজতে ইসলামের আমির মাওলানা মুবারাকুল্লাহ, জামিয়ার মুহাদ্দিস ও জেলা হেফাজতে ইসলামের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা মারুফ কাসেমী, জেলা হেফাজতে ইসলামের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা শরীফ উদ্দিন আফতাবী এবং জেলা হেফাজতে ইসলামের কোষাধ্যক্ষ মাওলানা আব্দুল হাফিজ।