গুম আইন এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে সাধারণ মানুষের মাঝে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন চট্টগ্রাম-৭ আসনের সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরী।
শনিবার (২৯ আগস্ট) দুপুরে জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে এবি পার্টির উদ্যোগে আয়োজিত ‘রোহিঙ্গা গণহত্যা ও গুমের বিরুদ্ধে বাংলাদেশ: জবাবদিহিতা, মানবাধিকার ও ন্যায়বিচারের প্রত্যয়’ শীর্ষক সেমিনারে অংশ নিয়ে এ অভিযোগ করেন তিনি।
সেমিনারে গুম প্রতিরোধ আইন নিয়ে ছড়িয়ে পড়া নানা গুঞ্জন খণ্ডন করে হুম্মাম কাদের চৌধুরী বলেন, গুম প্রতিরোধ আইনে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে—যার বা যে সংস্থার বিরুদ্ধে অভিযোগ আনা হবে, অভিযুক্ত সেই সংস্থা বা বাহিনীর কোনো কর্মকর্তা ওই মামলার তদন্ত কার্যক্রম পরিচালনা করতে পারবেন না। সুতরাং আইন নিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টির কোনো সুযোগ নেই।
অনুষ্ঠানে এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ সরকারের প্রস্তাবিত মানবাধিকার কমিশন পুনর্গঠন এবং গুম সংক্রান্ত তদন্তের প্রক্রিয়া নিয়ে সংশয় প্রকাশ করেন। তিনি বলেন, বিগত সময়ের গুম, খুন ও মানবাধিকার লঙ্ঘনের বিচার নিশ্চিত করতে সংশ্লিষ্ট আইনসমূহ যুগোপযোগী করে ঢেলে সাজানো অত্যন্ত জরুরি।
সেমিনারে বক্তারা রোহিঙ্গা সংকট ও সীমান্ত নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তারা উল্লেখ করেন, বর্তমানে রোহিঙ্গা জনগোষ্ঠীর একটি বড় অংশের অর্থনীতির প্রধান উৎস হয়ে দাঁড়িয়েছে মাদক ও অবৈধ ব্যবসা।
তাদের মতে, সীমান্ত এলাকায় মাদক চোরাচালান, মানব পাচার এবং অনলাইন স্ক্যামের মতো অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে দেশের প্রতিটি রাজনৈতিক দল যদি একযোগে সোচ্চার হয়, তবে রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান করা কঠিন হবে না।