যশোরের কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খানকে প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে কেশবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। নিজের ও পরিবারের নিরাপত্তাহীনতার কথা উল্লেখ করে শুক্রবার (২৮ আগস্ট) এই মামলাটি দায়ের করা হয়।
অভিযোগ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার কেশবপুর শহরের ‘মদিনা ইলেকট্রনিক্স’ নামক প্রতিষ্ঠানে বসে ছিলেন আশরাফ-উজ-জামান খান। ওই সময় সেখানে উপস্থিত হয়ে ওয়াজেদ আলী খান ডবলু তাকে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দেন। ঘটনার আকস্মিকতায় আশপাশের ব্যবসায়ীদের মধ্যেও ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ঘটনার পর বৃহস্পতিবার সন্ধ্যায় কেশবপুর প্রেসক্লাবে জরুরি সভা আহ্বান করা হয়। সভায় সাংবাদিক নেতাকে প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দেওয়ার তীব্র নিন্দা ও উদ্বেগ প্রকাশ করা হয়। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং অভিযুক্তের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানানো হয়।
ভুক্তভোগী আশরাফ-উজ-জামান খান বলেন, "প্রকাশ্যে আমাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। এতে আমি ও আমার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। বিষয়টি সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য থানায় লিখিত অভিযোগ করেছি।"
কেশবপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফুয়াদ জানান, সাংবাদিক নেতাকে প্রকাশ্যে প্রাণনাশের হুমকির ঘটনায় স্থানীয় সাংবাদিকদের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি হয়েছে। তিনি ঘটনার নিরপেক্ষ তদন্ত করে অভিযুক্তের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনি পদক্ষেপের দাবি জানান। এ বিষয়ে কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকসানা খাতুন জানান, "আমরা লিখিত একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।"
অভিযোগকারীর নামে ওয়াজেদ আলী খান ডবলুর মোবাইল ফোনে একাধিকবার কল করলেও তিনি ফোন রিসিভ করেননি।