রাজধানীর যাত্রাবাড়ী থানা হাজত থেকে পালিয়ে যাওয়া রাসেল হত্যা মামলার নারী আসামি মিতু আক্তারকে কেরানীগঞ্জ থেকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৮ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে ঢাকার কেরানীগঞ্জ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। প্রায় ৪০ ঘণ্টা ধরে চলা বিশেষ অভিযানের পর এই সফলতা অর্জন করা সম্ভব হয়।
এ বিষয়ে যাত্রাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) এ বি সিদ্দিক বলেন, "যাত্রাবাড়ী থানার হাজত থেকে পালানো নারী আসামি মিতুকে কেরানীগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়েছে।"
পুলিশ সূত্র জানায়, মিতু আক্তার যাত্রাবাড়ী থানায় দায়ের করা রাসেল হত্যা মামলার একজন আসামি। ওই মামলায় তিনি তিন দিনের রিমান্ডে ছিলেন। রিমান্ডের শেষ দিন বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে তাকে আদালতে পাঠানোর প্রস্তুতির মাঝেই কৌশলে তিনি থানাহাজত থেকে পালিয়ে যান।
এর আগে ওয়ারী বিভাগের ডেমরা জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) মীর মুহসীন মাসুদ রানা জানিয়েছিলেন, "তিন দিনের রিমান্ডে থাকা মিতু আক্তার বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ১০টার দিকে যাত্রাবাড়ী থানাহাজত থেকে কৌশলে পালিয়ে যান।" ওই দিনই তার রিমান্ডের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল এবং তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছিল।