ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর হাইওয়ে থানাধীন আশাড়িয়ার চর এলাকায় ব্রিজ সংস্কার কাজের কারণে ঢাকামুখী লেনে তীব্র যানজট দেখা দিয়েছে। সড়ক ও জনপথ (সওজ) বিভাগের কাজ সম্পন্ন ও পুরো অংশ শুকানোর স্বার্থে শনিবার সকাল ৬টা পর্যন্ত উক্ত লেনে মাত্র একটি লেনে যান চলাচলের অনুমতি দেওয়া হয়েছে।

হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপির স্টাফ অফিসার তারিক লতিফ জানান, ব্রিজের উন্নয়ন কাজ চলমান থাকায় সাময়িকভাবে ঢাকামুখী লেনটি এক লেনে সীমাবদ্ধ রাখা হয়েছে। সওজ বিভাগের তথ্য অনুযায়ী, কাজ শেষ হওয়া অংশের আস্তরণ শুকানোর জন্য আগামীকাল সকাল ছয়টা পর্যন্ত এই ব্যবস্থা চালু থাকবে।

এক লেনে যান চলাচলের ফলে ওই অংশে গাড়ির ভিড় বেড়ে গেছে এবং যানবাহনগুলো অত্যন্ত ধীরগতিতে চলাচল করছে। হাইওয়ে পুলিশ যাত্রীদের সময়মতো বের হওয়ার পরামর্শ দিয়েছে। পাশাপাশি, সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা ও দুর্ঘটনা প্রতিরোধে ঘটনাস্থল ও আশেপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ টিম মোতায়েন করা হয়েছে।