শেরপুরের নকলায় মৃগী নদীতে ডুবে যাওয়া এক শিশুকে উদ্ধার করতে গিয়ে কিশোরী লামিয়া আক্তারের (১৪) মৃত্যু হয়েছে। এ সময় তার জমজ বোন সামিয়া আক্তারও পানিতে তলিয়ে যান। শিশুটিকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও সামিয়া আক্তার গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নের চরমধুয়া গ্রামের এই ঘটনা ঘটে। নিহত লামিয়া আক্তার ওই গ্রামের সেলিম রেজার মেয়ে এবং চরমধুয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, দুপুরে লামিয়া ও সামিয়া ব্রহ্মপুত্রের শাখা নদী মৃগীতে নামেন। এ সময় তারা দেখেন সিজদা (৮) নামের এক শিশু পানিতে ডুবে যাচ্ছেন। তাৎক্ষণিকভাবে দুই বোনই শিশুটিকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়েন। প্রচেষ্টা চালিয়ে শিশুটিকে জীবিত উদ্ধার করলেও লামিয়া পানির তীব্র স্রোতে আটকা পড়ে তলিয়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু নিশ্চিত করেন। অন্যদিকে, সামিয়াকে উন্নত চিকিৎসার জন্য শেরপুর জেলা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
নকলা থানার ওসি রিপন চন্দ্র গোপ বিষয়টি নিশ্চিত করে জানান, নদীতে ডুবে কিশোরীর মৃত্যুর ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রস্তুতি চলছে।