পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের সংসদ সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) জহির উদ্দিন স্বপন। বৃহস্পতিবার (২৭ আগস্ট) জাতীয় সংসদের অধিবেশনে এই পদে তাঁর নামের প্রস্তাব উত্থাপন করেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি। প্রধানমন্ত্রীর পক্ষে উত্থাপিত প্রস্তাবটি কণ্ঠভোটে অনুমোদিত হয়।

সংসদীয় কমিটির এই পদটি পূর্বে ছিলেন আবদুল মঈন খান। তিনি স্থানীয় সরকারমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় কমিটির সভাপতির পদটি শূন্য হয়ে যায়। এর আগে জহির উদ্দিন স্বপনকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে সরিয়ে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) করা হয়েছিল। এবার তিনি পরিকল্পনা মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হিসেবে নতুন দায়িত্বভার গ্রহণ করলেন।

মন্ত্রিসভা থেকে তাঁকে সরানোর পর বরিশাল-১ আসনের নেতাকর্মীদের মধ্যে হতাশা ও মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছিল। তবে একাধিক নতুন দায়িত্ব প্রদান করায় তাদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও নেতাকর্মী ও সাধারণ মানুষ তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।