লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে একটি উন্নয়ন কর্মসূচিতে অংশ নিয়ে পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মন্তব্য করেছেন। তিনি অভিযোগ করেন, বিরোধী দল বারবার আন্দোলনের ডাক দিয়ে দেশের উন্নয়ন প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করছে এবং বিএনপিকে রাজনৈতিকভাবে জিম্মি করতে চাইছে।

“বিরোধী দল লংমার্চ দিয়েছে, আবার বলছে আন্দোলন করবে। বাংলাদেশটা যদি সবসময় আন্দোলনের ওপর থাকে, তাহলে দেশের উন্নয়ন থমকে যাবে। এ আন্দোলন এলাকার জন্য ক্ষতি, দেশের জন্য ক্ষতি। মূলত বিরোধী দল আন্দোলন করে বিএনপিকে জিম্মি করতে চাচ্ছে।”

মন্ত্রী এছাড়াও গত শাসনামলের হরতাল ও বর্তমান বিরোধী দলের কৌশল নিয়ে মন্তব্য করেন। তিনি বলেন, “শেখ হাসিনা যেভাবে ১৭২ দিন হরতাল দিয়ে দেশের মানুষকে জিম্মি করে ক্ষমতায় এসেছিলেন, পরবর্তীতে ১৭ বছর ধরে দেশের চরম ক্ষতি করেছেন। এখন বিরোধী দল ভাবছে আন্দোলন করলে বিএনপি, তারেক রহমান এবং মন্ত্রী-এমপিরা দুর্বল হয়ে পড়বেন; আর সেই সুযোগে জনগণ বাধ্য হয়ে ভোট দিয়ে তাদেরকে ক্ষমতায় বসাবে। তবে সেই সুযোগ কাউকেই দেওয়া হবে না। সেজন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে থেকে কাজ করতে হবে।”

সরকার গঠন ও বিরোধী দলের ভূমিকা নিয়ে মন্ত্রী আরও জানান, “দেশ পরিচালনার দায়িত্ব জনগণ বিএনপিকে দিয়েছে। আমাদের সঙ্গে যারা নির্বাচনে লড়াই করেছে, তারা এখন বিরোধী দল। আমরা যেদিন শপথ নিয়েছি, তারা সেদিন অনুষ্ঠানে উপস্থিত পর্যন্ত হয়নি, এমনকি আমাদের কোনো সহযোগিতাও করেনি। এখনো তারা শুধু আন্দোলনের কথাই বলে যাচ্ছে। শেখ হাসিনার দুঃশাসনের বিরুদ্ধে আমরা দীর্ঘ ১৭ বছর লড়াই করেছি, আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি এবং দেশের জনগণ অত্যাচার সহ্য করেছে। সবাই মিলে আন্দোলন করে আমরা দেশকে রক্ষা করেছি, গণতন্ত্র পুনরুদ্ধার করেছি। এখন আমাদের মূল কাজ হলো সেই অর্জনকে সুরক্ষা দেওয়া এবং নতুনভাবে বাংলাদেশকে গড়ে তোলা। এই প্রক্রিয়ায় বিরোধী দলেরও ইতিবাচক সহযোগিতা প্রয়োজন।”

শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার দিঘলী ইউনিয়নের দক্ষিণ দুর্গাপুর এলাকায় এসডিএফ-এর ‘বি স্ট্রং’ প্রকল্পের উপকারভোগীদের সাথে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চন্দ্রগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিলুফা ইয়াসমিনের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রব, চন্দ্রগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি বেলাল হোসেন, সাধারণ সম্পাদক ইউসুফ ভুঁইয়া, দিঘলী ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম সরওয়ার, সাধারণ সম্পাদক কাজী নুরুল আমিন, বিএনপি নেতা শাহজাহান মিয়া এবং চন্দ্রগঞ্জ উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহের ইসলাম জাহাঙ্গীরসহ স্থানীয় নেতৃবৃন্দ।