দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় এখনো দলীয় লোকদের বসিয়ে রাখা হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিঞা গোলাম পরওয়ার। তিনি বলেন, এর ফলে রাষ্ট্রে কাঙ্ক্ষিত বৈষম্যহীন পরিবেশ তৈরি হচ্ছে না।

শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের ৬৫০টি ইউনিটের সভাপতিদের সম্মেলন শেষে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

গোলাম পরওয়ার বলেন, সরকার সর্বক্ষেত্রে দলীয়করণ করে যাচ্ছে। সিটি করপোরেশন, পৌরসভা, জেলা পরিষদসহ স্থানীয় সরকারের সকল উন্নয়ন ক্ষেত্রে দলীয়করণ করা হচ্ছে, যা সম্পূর্ণ অসাংবিধানিক। আজকে যদি দেশে কোনো দলীয় সরকার না থাকত, তাহলে প্রশাসক নিয়োগের বিষয়টি বৈধতা পেত। কিন্তু এখন একটি দলীয় নির্বাচিত সরকার থাকা অবস্থায় তারা এটি করতে পারে না। সরকার স্থানীয় সরকার নির্বাচন দিয়ে নতুন জনপ্রতিনিধি নির্বাচনের সুযোগ করে দিলে জনগণের ভোগান্তি অনেকাংশে কমবে।

স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, এ দেশে একটি সব বিষয়ক মন্ত্রী রয়েছেন, যিনি সকল মন্ত্রণালয় নিয়ে কথা বলেন। এমনকি জাতীয় সংসদের বিরোধী দলকে ছোট করেও তিনি নানা বক্তব্য রাখেন। অথচ নিজের মন্ত্রণালয়ের অধীনে থাকা আইনশৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি ঘটছে, সেদিকে তার কোনো খেয়াল নেই।

সরকারের উদ্দেশ্যে গোলাম পরওয়ার বলেন, আমরা বাস্তবে দৃশ্যমান কোনো উন্নয়ন দেখতে পাচ্ছি না; বরং সবদিকে শুধু সরকারদলীয় লোকজনের মারামারি চোখে পড়ছে। দেশে উন্নয়নের নামে বৈষম্য চালানো হচ্ছে এবং বিরোধী দলের সংসদ সদস্যদের আসনে সুষম বরাদ্দ দেওয়া হচ্ছে না।

ক্ষোভ প্রকাশ করে জামায়াত নেতা বলেন, একজন নির্বাচিত সংসদ সদস্য তার এলাকায় সকল উন্নয়নকাজের উদ্বোধন করবেন বা ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন—এটাই স্বাভাবিক নিয়ম। কিন্তু সরকার বিরোধীদলীয় সংসদ সদস্যের এলাকায় সংরক্ষিত নারী সংসদ সদস্যদের একপ্রকার দারোয়ান বানিয়ে উন্নয়ন তদারকির দায়িত্ব দিয়েছে, যা অত্যন্ত বেমানান। এর মাধ্যমে বিরোধীদলীয় সংসদ সদস্যদের আরও খাটো করা হচ্ছে।

সরকারকে লক্ষ্য করে পরওয়ার আরও বলেন, বিরোধী দলেরও তো ১৩ জন সংরক্ষিত নারী সংসদ সদস্য রয়েছেন; তাহলে সরকারদলীয় সংসদ সদস্যদের এলাকায় আমাদের সেই নারী সংসদ সদস্যদের উন্নয়ন তদারকির দায়িত্ব দেওয়া হোক।

এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমীর অ্যাডভোকেট মুহাম্মদ শাহজাহান। চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমীর মাহফুজুর রহমানের সভাপতিত্বে এবং সেক্রেটারি বেলাল হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াতের ঢাকা মহানগরী কর্মপরিষদ সদস্য ভিপি সাহাব উদ্দিন, পৌরসভা জামায়াতের আমীর মাওলানা ইব্রাহিম, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আবদুর রহিম, উপজেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি জয়নাল আবেদীন পাটোয়ারী, মজলিসে শূরা সদস্য ড. মঞ্জুর আহমেদ সাকি, আবদুল কাদের, ইউসুফ মেম্বার, পৌরসভা জামায়াতের নায়েবে আমীর কাজী মো. ইয়াছিন, সেক্রেটারি মোশারফ হোসেন ওপেল এবং উপজেলা সদর শিবির সভাপতি নাসিম মিয়াজীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।