মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার একটি বসতবাড়ির গোয়ালঘর থেকে ৯ ফুট লম্বা অজগর সাপ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে ভাড়াউড়া ৫ নম্বর বস্তি কোয়ার্টার এলাকার বাসিন্দা গিয়াস উদ্দিনের বাড়িতে এই ঘটনা ঘটে। পরিবারের সদস্যরা গোয়ালঘরে সাপটির উপস্থিতি লক্ষ্য করেন। স্থানীয় সূত্র জানিয়েছে, সাপটি ওই গোয়ালঘরে থাকা চার দিন বয়সি একটি মুরগি গিলে ফেলেছিল। বিষয়টি জানাজানি হওয়ায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
গৃহকর্তা গিয়াস উদ্দিন বিষয়টি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের কাছে জানান। খবর পেয়ে ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তারা সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করে নিয়ে আসেন।
বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল বলেন, উদ্ধারকৃত অজগর সাপটিকে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে বন বিভাগ সাপটিকে বনে অবমুক্ত করবে।