চট্টগ্রামের মিরসরাই বেপজা অর্থনৈতিক অঞ্চলে শতভাগ রপ্তানিমুখী এলইডি বাল্ব ও ডেকোরেটিভ লাইট কারখানা স্থাপন করতে যাচ্ছে ইকোলেট (প্রাইভেট) লিমিটেড। প্রতিষ্ঠানটি এই প্রকল্পে প্রায় ১ কোটি ৬০ লাখ মার্কিন ডলার বিনিয়োগ করবে। কারখানাটি চালু হলে বার্ষিক ৬০ লাখ পিস আলোকসজ্জাসহ এলইডি পণ্য তৈরি করা সম্ভব হবে।

সম্প্রতি ঢাকার বেপজা কমপ্লেক্সে বেপজা ও ইকোলেটের মধ্যে বিনিয়োগ চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিতে বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) মো. তানভীর হোসেন এবং ইকোলেটের ব্যবস্থাপনা পরিচালক মো. সোলিমান স্বাক্ষর করেন। অনুষ্ঠানে বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন, সদস্য আবদুল্লাহ আল মামুন, আ ন ম ফয়জুল হকসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বেপজা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।

চুক্তি অনুযায়ী, উৎপাদিত পণ্যগুলো যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে রপ্তানি করা হবে। বেপজা জানিয়েছে, পোশাক খাতের বাইরে প্রযুক্তিনির্ভর এই শিল্প উদ্যোগ স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে। প্রকল্পটি বাস্তবায়নের মাধ্যমে অন্তত ৩০৬ বাংলাদেশি নাগরিকের প্রত্যক্ষ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। এছাড়াও, অর্থনৈতিক অঞ্চলটিতে প্রযুক্তিনির্ভর বৈদ্যুতিক পণ্য উৎপাদনের নতুন একটি খাতের সূচনা ঘটবে।

অনুষ্ঠানে বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন বিনিয়োগকে স্বাগত জানান। তিনি বলেন, "প্রচলিত তৈরি পোশাক খাতের বাইরে উচ্চ মূল্যের ও প্রযুক্তিনির্ভর পণ্য উৎপাদনে জোর দিচ্ছে বেপজা। মিরসরাই বেপজা ইজেডে এই এলইডি কারখানা স্থাপন দেশের রপ্তানি পণ্য বহুমুখীকরণের প্রচেষ্টায় নতুন মাত্রা যোগ করবে।"