সিলেটে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে। গত ২৪ ঘণ্টায় আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল এবং এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যায়। এর আগের ২৪ ঘণ্টায় দুই শিশু প্রাণ হারিয়েছিল। এ নিয়ে চলতি বছরে সিলেট বিভাগে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৫১ জনে।

শুক্রবার (২৮ আগস্ট) সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। প্রতিবেদনে উল্লেখ করা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিন শিশুর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন ছিল দুইজন এবং এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে একজন। শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে মৃত শিশুদের বয়স ছিল ৫ মাস ও ১১ মাস এবং ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত শিশুর বয়স ছিল ৯ মাস।

একই সময়ে নতুন করে আরও ছয়জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। ফলে চলতি বছর বিভাগে মোট শনাক্তের সংখ্যা বেড়ে ১ হাজার ৩১ জনে দাঁড়িয়েছে।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে ১২৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৫৯ জন, এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৬০ জন এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ৯ জন ভর্তি হয়েছেন।

বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে সন্দেহভাজন হামে আক্রান্ত মোট ৩৫৬ জন চিকিৎসাধীন রয়েছেন। যার মধ্যে সর্বোচ্চ ১৪০ জন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে এবং ১১০ জন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। বাকিরা বিভাগের অন্যান্য হাসপাতালে চিকিৎসাধীন।

প্রতিবেদনে আরও জানানো হয়, এ পর্যন্ত সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে ১৪১ জন এবং নিশ্চিত হাম রোগে আক্রান্ত হয়ে ১০ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে মোট মৃত্যুর সংখ্যা ১৫১ জন।