টানা ব্যর্থতার মুখে পড়েছে লিওনেল মেসির ক্লাব ইন্টার মায়ামি। এরপরই ডাগআউটে আসছে বড় পরিবর্তন। বৃহষ্পতিবার ক্লাবটি ঘোষণা দেয় যে, গিয়ের্মো হয়োসের স্থলাভিষিক্ত হিসেবে আর্জেন্টিনার সাবেক ফুটবলার ক্রিস্তিয়ান ‘কিলি’ গঞ্জালেসকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
৫২ বছর বয়সী এই আর্জেন্টাইন এখনই সরাসরি দায়িত্ব গ্রহণ করতে পারবেন না। যুক্তরাষ্ট্রে তাঁর কাজের প্রয়োজনীয় অনুমতিপত্র পাওয়ার পর আনুষ্ঠানিকভাবে দলের দায়িত্ব বুঝে নেবেন তিনি। সেই সময় পর্যন্ত অন্তর্বর্তী কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন হয়োস।
গত এপ্রিলে ব্যক্তিগত কারণ দেখিয়ে হাভিয়ের মাচেরানো পদত্যাগের পর সাময়িকভাবে দায়িত্ব পেয়েছিলেন হয়োস। বার্সেলোনার একাডেমিতে কাজ করা অভিজ্ঞ এই কোচের সাথে মেসির সম্পর্ক দীর্ঘদিনের। শুরুতে ইতিবাচক ফল পেলেও সাম্প্রতিক সময়ে ছন্দ হারিয়েছে বর্তমান এমএলএস কাপ চ্যাম্পিয়নরা। লুইস সুয়ারেজ, রদ্রিগো দি পল ও কাসেমিরোর মতো তারকায় ভরা দলটি শেষ পাঁচ ম্যাচের চারটিতে হেরেছে। ইস্টার্ন কনফারেন্সে দ্বিতীয় স্থানে থাকলেও শীর্ষস্থানীয় ন্যাশভিলের চেয়ে ১০ পয়েন্ট পিছিয়ে রয়েছে তারা।
কোচ বদলের ঘোষণা দেওয়ার সময় ক্লাবটি হয়োসের অবদানের প্রশংসা করে। কঠিন সময়ে দায়িত্ব নেওয়ার জন্য তাঁকে ধন্যবাদ জানিয়ে মায়ামি বলেছে, গত এপ্রিল থেকে পূর্ণ নিষ্ঠা ও দায়বদ্ধতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন তিনি।
খেলোয়াড়ি জীবনে আর্জেন্টিনার হয়ে ৫৬ ম্যাচ খেলেছেন গঞ্জালেস। দেশের জার্সিতে ২০০২ বিশ্বকাপে অংশ নেওয়ার পাশাপাশি ২০০৪ এথেন্স অলিম্পিকে স্বর্ণপদকও জিতেছিলেন তিনি। ক্লাব ফুটবলে খেলেছেন রোজারিও সেন্ট্রাল, বোকা জুনিয়র্স, রিয়াল জারাগোজা, ভ্যালেন্সিয়া ও ইন্টার মিলানের হয়ে। ২০২০ সালে নিজের শৈশবের ক্লাব রোজারিও সেন্ট্রালের হয়ে প্রধান কোচ হিসেবে যাত্রা শুরু করেন গঞ্জালেস। এরপর আর্জেন্টিনার ইউনিয়ন সান্তা ফে ও প্লাতেনসের দায়িত্ব পালন করেছেন তিনি। জাতীয় দলে একসময় মেসির সঙ্গে একই ড্রেসিংরুম ভাগ করা গঞ্জালেস এবার তার কোচ হিসেবে কাজ করবেন।
আগামী শনিবার সিএফ মন্ট্রিয়ালের বিপক্ষে খেলবে মায়ামি। তবে বিলম্বে ম্যাচ শুরুসংক্রান্ত নিয়ম বারবার ভাঙায় এক ম্যাচের নিষেধাজ্ঞা পাওয়া হয়োস ওই ম্যাচে ডাগআউটে থাকতে পারবেন না।