আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ বৃহস্পতিবার বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের গুমের ঘটনায় দায়েরকৃত মানবতাবিরোধী অপরাধের মামলায় মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে। ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম বিষয়টি নিশ্চিত করেছেন।

শুনানি শেষে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে তিনি বলেন, "বর্তমান সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ গত ফ্যাসিস্ট রেজিমে গুম হয়েছিলেন। তাঁকে ভারতে নির্বাসিত করা হয়েছিল। এ ঘটনা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের অধীন মানবতাবিরোধী অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে। সে হিসেবে তদন্ত করা হচ্ছে। প্রাথমিকভাবে তদন্তে এই মামলার আসামি জিয়াউল আহসানের বিরুদ্ধে প্রাথমিক সম্পৃক্ততা পাওয়া যাওয়ায় তাঁকে আজকে এই ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল। জিয়াউলকে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। মামলাটির তদন্ত অব্যাহত আছে।"

২০১৫ সালের ১০ মার্চ রাতে রাজধানীর উত্তরার একটি বাসা থেকে সালাহউদ্দিন আহমদকে অপহরণের অভিযোগ করেন তাঁর স্ত্রী হাসিনা আহমদ। ওই সময়ে বিএনপির মুখপাত্র হিসেবে দায়িত্ব পালনকারী সালাহউদ্দিন আহমদকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তুলে নিয়ে যায় বলে বিএনপি দাবি করে। পরবর্তীতে একই বছরের ১১ মে ভারতের মেঘালয়ের শিলংয়ে স্থানীয় পুলিশ তাঁকে উদ্ধার করে। ভারতীয় পুলিশের বরাত দিয়ে তখন জানানো হয়, "সালাহউদ্দিন আহমদ শিলংয়ে উদ্‌ভ্রান্তের মতো ঘোরাঘুরি করার সময় লোকজনের ফোন পেয়ে তাঁকে আটক করা হয়।"

গণ-অভ্যুত্থানের মাধ্যমে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ভারত ৬ আগস্ট সালাহউদ্দিন আহমদকে দেশে ফেরার জন্য ভ্রমণ অনুমোদন দেয়। এরপর ওই বছরের ১১ আগস্ট তিনি বাংলাদেশে ফিরে আসেন। বর্তমানে ট্রাইব্যুনাল মামলাটির তদন্ত চলমান রয়েছে।