১০০ মিলিয়ন ইউরোর প্রস্তাব টেবিলে রেখেছে বার্সেলোনা। হুলিয়ান আলভারেজও আতলেটিকো মাদ্রিদ ছাড়ার ইচ্ছা প্রকাশ করেছেন। এরপরও কাতালান ক্লাবটির দিকে একচুল নড়ছে না আতলেটিকো। বরং সরাসরি জানিয়ে দিয়েছে, বার্সার কাছে আর্জেন্টাইন ফরোয়ার্ডকে বিক্রির সম্ভাবনা ‘শূন্য শতাংশ’।

বার্সেলোনা সভাপতি হোয়ান লাপোর্তা বুধবার এক ভিডিও বার্তায় আলভারেজকে দলে নেওয়ার আগ্রহ পুনর্ব্যক্ত করেন। তিনি জানান, আতলেটিকোর কাছে দেওয়া বার্সার ১০০ মিলিয়ন ইউরোর প্রস্তাব এখনো বহাল রয়েছে। দলবদলের সময়সীমা শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে প্রস্তুত কাতালান ক্লাবটি।

লাপোর্তার বক্তব্যের পরই কড়া প্রতিক্রিয়া জানায় আতলেটিকো। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কাকে ক্লাবটির পক্ষ থেকে বলা হয়, ‘এটা অর্থের বিষয় নয়, মর্যাদার প্রশ্ন। বার্সেলোনার কাছে তাকে বিক্রির সম্ভাবনা শূন্য শতাংশ।’

আতলেটিকোর দাবি, আলভারেজকে এই ঘটনার শিকার হিসেবে তুলে ধরা হলেও প্রকৃত ক্ষতিটা হয়েছে তাদেরই। ক্লাবটি বলেছে, ‘খেলোয়াড়কে শিকার হিসেবে দেখানো হচ্ছে। কিন্তু হুলিয়ানের ঘটনায় একমাত্র ক্ষতিগ্রস্ত পক্ষ আমরা। আমাদের অর্থনৈতিক ও সামাজিকভাবে ক্ষতি করা হয়েছে।’

আলভারেজকে ঘিরে অনেক মিথ্যা ও অর্ধসত্য ছড়ানো হয়েছে বলেও অভিযোগ করেছে মাদ্রিদের ক্লাবটি। তাদের ভাষ্য, পুরো পরিস্থিতির মূল্য শুধু আতলেটিকোকেই দিতে হচ্ছে।

লাপোর্তা অবশ্য দাবি করেছেন, আতলেটিকোর প্রতি যথাযথ সম্মান রেখেই এগিয়েছে বার্সেলোনা। তিনি বলেন, ‘আমরা হুলিয়ান আলভারেজকে কিনতে খুবই আগ্রহী। আমাদের প্রস্তাবটি গৃহীত হোক, সেটিই চাই। আতলেটিকোর প্রতি পূর্ণ সম্মান রেখেই আমরা কথাটি বলছি।’

বার্সেলোনা সভাপতি জানান, আতলেটিকো অন্য কোনো ক্লাবের কাছে আলভারেজকে বিক্রির সিদ্ধান্ত নিলে তাদের প্রস্তাবও বিবেচনা করা উচিত। দলবদলের সময়সীমা শেষ হওয়ার আগপর্যন্ত বার্সা অপেক্ষায় থাকবে।

তবে রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, আলভারেজকে ধরে রাখতে আতলেটিকো এতটাই দৃঢ় যে ক্লাবটির প্রধান নির্বাহী মিগেল আনহেল গিল মারিন ২০০ মিলিয়ন ইউরোর প্রস্তাব পেলেও তাকে বিক্রি করা হবে না বলে জানিয়েছেন।

দলবদলের এই টানাপোড়েনে আতলেটিকো সমর্থকদের সঙ্গে আলভারেজের সম্পর্কও তিক্ত হয়ে উঠেছে। গত রোববার ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচে শুরুর একাদশে ছিলেন না তিনি। ওয়ার্মআপের সময় তাকে দুয়ো দেন সমর্থকেরা। ৬৬তম মিনিটে মাঠে নামার সময় সেই দুয়ো আরও তীব্র হয়।

ম্যাচ শেষে সতীর্থরা সমর্থকদের অভিবাদন জানালেও আলভারেজ সোজা টানেলে চলে যান। এতে গ্যালারি থেকে আবারও তার উদ্দেশে দুয়ো শোনা যায়। আতলেটিকো কোচ দিয়েগো সিমিওনে অবশ্য জানান, ম্যাচ শেষে আলভারেজের সরাসরি ড্রেসিংরুমে চলে যাওয়াটা ক্লাবের আগে থেকে নেওয়া সিদ্ধান্ত ছিল।

বুধবার দলের অনুশীলনেও ছিলেন না ২৬ বছর বয়সী এই ফরোয়ার্ড। অসুস্থতার কারণে তিনি অনুশীলন করতে পারেননি বলে জানা গেছে।

আলভারেজ নিজেও দল ছাড়ার আগ্রহ গোপন রাখেননি। আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ খেলার সময় তিনি জানিয়েছিলেন, নিজের ভবিষ্যৎ নিয়ে আতলেটিকোর সঙ্গে কথা হয়েছে এবং দলবদলই সবার জন্য ভালো সমাধান হতে পারে। নিজের স্বপ্ন পূরণ করতে চান বলেও জানিয়েছিলেন তিনি।

বার্সেলোনার পাশাপাশি আলভারেজের দিকে নজর রাখছে আর্সেনাল। ইংলিশ ক্লাবটির অন্যতম প্রধান দলবদল লক্ষ্য তিনি। তবে সংশ্লিষ্ট সূত্রের বরাতে বিবিসি জানিয়েছে, আলভারেজ স্পেনেই থাকতে চান। তাই আপাতত পরিস্থিতি পর্যবেক্ষণ করছে আর্সেনাল।

ম্যানচেস্টার সিটি থেকে ২০২৪ সালে ছয় বছরের চুক্তিতে আতলেটিকোতে যোগ দেন আলভারেজ। মাদ্রিদের ক্লাবটির হয়ে ১০৭ ম্যাচে ৪৯ গোল করার পাশাপাশি ১৭টি গোলে সহায়তা করেছেন তিনি। গত মৌসুমে তার নামের পাশে ছিল ২০ গোল ও ৯টি অ্যাসিস্ট।

দলবদলের সময়সীমা শেষ হবে আগামী ১ সেপ্টেম্বর। তার আগে বার্সেলোনা চেষ্টা চালিয়ে যাওয়ার ঘোষণা দিলেও আতলেটিকোর অবস্থান পরিষ্কার, অন্য কোনো ক্লাবের সঙ্গে আলোচনা হলেও আলভারেজের জন্য বার্সেলোনার দরজা পুরোপুরি বন্ধ।