ঝিনাইদহের শৈলকুপায় গবাদিপশুর ঘাস কাটার মেশিনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক দম্পতির মৃত্যু হয়েছে। আজ বুধবার সকালে উপজেলার মনোহরপুর ইউনিয়নের মাধবপুর গ্রামে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন অমরেন্দ্র নাথ ভৌমিক (৭০) এবং তাঁর স্ত্রী মিনা ভৌমিক (৬০)।

স্থানীয় বাসিন্দা মুকুল হোসেন জানান, আজ সকালে অমরেন্দ্র নাথ নিজের গোয়ালে গবাদিপশুর জন্য মেশিনে ঘাস কাটছিলেন। সেই সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। তাঁকে বাঁচাতে এগিয়ে এসে স্ত্রী মিনা ভৌমিকও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে প্রতিবেশীরা তাঁদের উদ্ধার করে দ্রুত শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আসাদুজ্জামান জোহা বিষয়টি নিশ্চিত করে বলেন, "মৃত অবস্থায় ওই দম্পতিকে হাসপাতালে আনা হয়েছিল।"

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির মোল্লা জানান, "এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।"