কুড়িগ্রামের নাগেশ্বরীতে একটি ধানক্ষেত থেকে মানুষের শরীরের খণ্ডিত একটি পা উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৬ আগস্ট) সকালে সন্তোষপুর ইউনিয়নের নিলুরখামার চরুয়াটারী এলাকায় এই ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে কয়েকজন পথচারী সড়ক দিয়ে যাওয়ার সময় রাস্তার পাশে ধানক্ষেতে একটি খণ্ডিত পা পড়ে থাকতে দেখেন। এই খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দাদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পাটি উদ্ধার করে।
প্রত্যক্ষদর্শীদের দাবি, খণ্ডিত পায়ের পাশেই রক্তমাখা একটি পলিথিন পড়ে ছিল। তাদের ধারণা, কেউ সড়ক থেকে ওই পা ধানের জমিতে ফেলে রেখে গিয়ে থাকতে পারে।
ঘটনা প্রসঙ্গে নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক প্রধান বলেন, "সকাল সাড়ে ৭টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখান থেকে মানুষের একটি খণ্ডিত পা উদ্ধার করা হয়েছে। এটি কার শরীরের অংশ এবং কীভাবে সেখানে এসেছে, সেটা জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।"