পূবালী ব্যাংক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ডিএমসিএইচ) ‘ক্যাশলেস ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল’ শীর্ষক একটি কার্যক্রম চালু করেছে। এই উদ্যোগের লক্ষ্য হলো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের রোগী ও তাঁদের স্বজনদের আর্থিক লেনদেনকে আরও সহজ, নিরাপদ ও আধুনিক করে তোলা।
পূবালী ব্যাংক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ’ স্লোগানে দেশব্যাপী ডিজিটাল লেনদেন সম্প্রসারণ এবং ‘এক দেশ এক বাংলা কিউআর’ বাস্তবায়নের অংশ হিসেবে এই কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।
কার্যক্রমটির উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া, বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট-১-এর অতিরিক্ত পরিচালক সাদিয়া খান সম্মানিত অতিথি এবং পূবালী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মো. শাহনেওয়াজ খান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ব্যাংকের মহাব্যবস্থাপক মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপমহাব্যবস্থাপক মো. রবিউল আলম ও এন এম ফিরোজ কামালসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
পূবালী ব্যাংকের ডিএমডি মো. শাহনেওয়াজ খান তাঁর বক্তব্যে উল্লেখ করেন, “এই উদ্যোগ রোগী ও স্বজনদের অর্থ পরিশোধ আরও সহজ, দ্রুত ও নিরাপদ করবে এবং ডিজিটাল অর্থনীতিকে এগিয়ে নিতে ভূমিকা রাখবে।”