লালমনিরহাটের হাতীবান্ধার ভেলাগুড়ি সীমান্তে গরু চরানোকে কেন্দ্র করে গতকাল মঙ্গলবার দুপুরে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) তিন সদস্যের বাগ্বিতণ্ডা হয়। এই ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় আরও অনেকে সেখানে জড়ো হয়ে প্রতিবাদ জানান। স্থানীয়দের এই প্রতিবাদের মুখে বিএসএফ সদস্যরা দুটি শটগান ও একটি ওয়াকিটকি ফেলে বাংলাদেশ অংশ থেকে চলে যান।
পরবর্তীতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) টহল দলের সদস্যরা বিএসএফের ফেলে যাওয়া অস্ত্র ও ওয়াকিটকি সেট উদ্ধার করে নিজেদের হেফাজতে নেন।
গতকাল সন্ধ্যায় বিজিবি ও বিএসএফের ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে বিএসএফের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয় এবং তাদের ফেলে যাওয়া অস্ত্র ও ওয়াকিটকি ফেরত দেওয়া হয়। গতকাল রাতে লালমনিরহাট ১৫ বিজিবির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে।
লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মেহেদী ইমাম আজ বুধবার সকালে মুক্তকণ্ঠকে বলেন, "৭৮ বিএসএফের কমান্ড্যান্ট পতাকা বৈঠকে এ ঘটনায় দুঃখ প্রকাশ করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।"