বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে এক যাত্রীর মৃত্যুর পর ওমানের মাসকাট বিমানবন্দরে আটকে আছে উড়োজাহাজটি। মরদেহ নামানোর জন্য রয়্যাল ওমান পুলিশের অনুমতি না পাওয়ায় প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ না হওয়া পর্যন্ত ফ্লাইটটির পরবর্তী যাত্রা অনিশ্চিত হয়ে পড়েছে, যার ফলে ভোগান্তিতে পড়েছেন অন্য যাত্রীরা।
বুধবার (২৬ আগস্ট) বিমান সূত্রে জানা গেছে, বিজি-১৩৬ ফ্লাইটটি জেদ্দা থেকে চট্টগ্রাম হয়ে ঢাকা আসার কথা ছিল বেলা ১১টায়। তবে ফ্লাইটে থাকা এক যাত্রীর শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসাজনিত জরুরি পরিস্থিতির কারণে নির্ধারিত গন্তব্যে না গিয়ে মাসকাটে জরুরি অবতরণ করা হয়। পরবর্তীতে ওই যাত্রীর মৃত্যু হয়।
মাসকাট বিমানবন্দরে অবতরণের পর মরদেহটি নামানোর উদ্যোগ নেওয়া হলেও ওমানের স্থানীয় আইন ও বিধি অনুযায়ী রয়্যাল ওমান পুলিশের অনুমতি প্রয়োজন। এখনো সেই অনুমতি না পাওয়ায় মরদেহটি উড়োজাহাজের ভেতরেই রয়ে গেছে।
বিমান সূত্র জানিয়েছে, মরদেহ নামানোর অনুমতির জন্য রয়্যাল ওমান পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। অনুমতি পাওয়া গেলে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে মরদেহটি নামানো হবে এবং এরপর ফ্লাইটটির পরবর্তী যাত্রার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
উল্লেখ্য, বিজি-১৩৬ ফ্লাইটে ব্যবহৃত উড়োজাহাজটির নিবন্ধন নম্বর এস২-এএফপি। দীর্ঘ সময় ফ্লাইটটি আটকে থাকায় যাত্রীদের দুর্ভোগ বেড়েছে। পরিস্থিতি মোকাবিলায় ওমানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে এবং অনুমতি পাওয়ার পর দ্রুত যাত্রীদের গন্তব্যে পাঠানোর উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছে বিমান সূত্র।