কক্সবাজার সদরের নাজিরারটেক বঙ্গোপসাগরের মোহনায় একটি নৌকাডুবির ঘটনায় নিউজিল্যান্ডের এক কিশোর নিখোঁজ হয়েছেন। মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় জেলেরা তিনজন নিউজিল্যান্ডের নাগরিককে জীবিত উদ্ধার করেছেন।
নিখোঁজ কিশোরের নাম আলবার্ট (১৬)। উদ্ধার হওয়া অন্য তিনজন হলেন—জন এডওয়ার্ড (৭৪), বেলা (৩৬) ও রালফ (১৩)। তারা সবাই নিউজিল্যান্ডের নাগরিক।
কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী জানান, ওই চার নাগরিক নিজেদের তৈরি একটি নৌকায় নাজিরারটেক মোহনা এলাকায় ভ্রমণ করছিলেন। দুর্ঘটনাবশত নৌকাটি ডুবে যায়। স্থানীয় জেলেরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে জন এডওয়ার্ড, বেলা ও রালফকে উদ্ধার করেন এবং পরে তাদের কোস্টগার্ড কক্সবাজার স্টেশনের কাছে হস্তান্তর করা হয়।
তবে প্রতিবন্ধী কিশোর আলবার্টকে এখনো খুঁজে পাওয়া যায়নি। তার সন্ধানে কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান পরিচালনা করছে।
কক্সবাজার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার দোলন আচার্য জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই তাদের একটি বিশেষ দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেছে। নিখোঁজ কিশোরের সন্ধানে তল্লাশি অব্যাহত রয়েছে। উদ্ধার হওয়া তিনজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
এদিকে মঙ্গলবার সন্ধ্যায় নৌবাহিনীর পক্ষ থেকে পাঠানো এক বার্তা অনুযায়ী, নাজিরারটেক মোহনায় নৌকাডুবিতে নিউজিল্যান্ডের একই পরিবারের চার সদস্যের মধ্যে ৩ জনকে উদ্ধার করা হয়েছে। নিখোঁজ ১ জনের উদ্ধার অভিযানে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ‘শাপলা’ ও দ্রুতগামী বোট মোতায়েন করা হয়েছে।