ফরিদপুরের সালথা উপজেলার সাবেক কৃষক লীগ সাধারণ সম্পাদক আমিন খন্দকারকে (৪৫) গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। রাজনৈতিক পটপরিবর্তনের পর তিনি দলত্যাগ করে বিএনপিতে যোগ দিলেও শেষ পর্যন্ত আইনি প্রক্রিয়ায় রেহাই পেলেন না।
বুধবার (২৬ আগস্ট) সকালে সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নের মোন্তারমোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই ইউনিয়নের চান্দাখোলা গ্রামের খন্দকার হাচান আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ২১ আগস্ট সালথা থানায় দায়ের করা একটি বিস্ফোরক মামলার আসামি আমিন খন্দকার। এছাড়া মঙ্গলবার (২৫ আগস্ট) উপজেলার বড়বাংরাইল গ্রামে সংঘটিত সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় তাকে প্রধান আসামি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আমিন খন্দকার নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শাহদাব আকবর চৌধুরী ওরফে লাবু চৌধুরীর ঘনিষ্ঠ সহচর হিসেবে পরিচিত ছিলেন। ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পর তিনি আত্মগোপনে চলে যান এবং গ্রেপ্তার এড়াতে চলতি বছরের ১৯ জানুয়ারি ফেসবুক পোস্টের মাধ্যমে কৃষক লীগ থেকে পদত্যাগের ঘোষণা দেন।
এরপর রাজনৈতিক অবস্থান পরিবর্তন করে তিনি বিএনপিতে যোগ দেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে সোনাপুর ইউনিয়নে এক সভায় বিএনপির তৎকালীন সংসদ সদস্য প্রার্থী শামা ওবায়েদ ইসলামের হাতে ফুলের তোড়া দিয়ে তিনি দলে যোগ করেন। বর্তমানে শামা ওবায়েদ ইসলাম পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করছেন।
তবে বিএনপিতে যোগ দেওয়ার পরও পুরোনো মামলার পাশাপাশি নতুন সংঘর্ষের মামলায় নাম আসায় শেষ পর্যন্ত গ্রেপ্তার হন তিনি। এ বিষয়ে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান বলেন, "২০২৫ সালের বিস্ফোরক মামলা এবং মঙ্গলবারের সংঘর্ষের মামলায় আমিন খন্দকারকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।"