নাটোরের গুরুদাসপুর উপজেলায় নন্দকুজা নদীতে গোসল করতে নেমে ফারহান ইসলাম (৮) ও লাম ইসলাম (৮) নামের দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে উপজেলার নাজিরপুর ইউনিয়নের শ্যামপুর গ্রামের চন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে নন্দকুজা নদীতে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ফারহান ইসলাম শ্যামপুর গ্রামের ফজলুর রহমানের ছেলে এবং লাম ইসলাম একই গ্রামের বাবুল ইসলামের ছেলে। সম্পর্কে তারা ঘনিষ্ঠ বন্ধু ছিল।

গুরুদাসপুর থানার পরিদর্শক (তদন্ত) রিয়াজ হাসান এবং স্থানীয় সূত্রে জানা গেছে, দুই বন্ধু ফারহান ও লাম তাদের বাড়ির পাশের নন্দকুজা নদীতে গোসল করতে নামে। গোসলের একপর্যায়ে তারা নদীর স্রোতে তলিয়ে যায়। এ সময় নদীর পাড়ে উপস্থিত এক ব্যক্তি ঘটনাটি দেখতে পেয়ে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন দ্রুত এগিয়ে আসে। তারা নদীতে নেমে দুই শিশুকে উদ্ধার করে। পরে তাদের নাটোর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

এই ঘটনায় নিহত দুই শিশুর স্বজনদের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।