গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে চারজনই ঢাকার বাসিন্দা। একই সময়ে নতুন করে ৯৮৬ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে এবং ৯১ শিশু নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হাম পরিস্থিতি বিষয়ক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৮৪৪ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হামে মারা গেছে ৯৯ শিশু। সব মিলিয়ে হামের উপসর্গ এবং নিশ্চিত হামে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯৪৩ জনে।
গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আক্রান্ত ৯১ জনসহ ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ১৮ হাজার ৫৭৮ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
এছাড়া, গত ২৪ ঘণ্টায় ৯৮৬ জনের শরীরে হামের উপসর্গ দেখা দেওয়ায় ১৫ মার্চ থেকে এ পর্যন্ত উপসর্গযুক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫১ হাজার ৬৩৮ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, এই সময়ের মধ্যে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৩২ হাজার ৫৫৪ জন। এদের মধ্যে চিকিৎসা গ্রহণ করে ১ লাখ ২৭ হাজার ৮১১ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।