চট্টগ্রামের মিরসরাইয়ে গাড়ির চাকার হাওয়া দেওয়ার সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় দুজন আহত হয়েছেন। মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল ৯টায় উপজেলার বড়তাকিয়া বাজারে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে এই দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে গ্যারেজ মালিক ইমন হোসেন (২৫) ও ইউনুস (৩৫) রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বড়তাকিয়া বাজারের মিরসরাই অর্থনৈতিক অঞ্চলের প্রবেশমুখে একটি গাড়ির চাকায় হাওয়া দেওয়ার দোকানে টাংকিতে হাওয়া ভরার সময় হঠাৎ সেটি বিস্ফোরিত হয়ে অন্তত ৫০ ফুট ওপরে উঠে যায় এবং দোকানের ওপর পড়ে। এ সময় টাংকিটি দ্বিখণ্ডিত হয়ে যায় এবং দুটি দোকান পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়। বিস্ফোরণের ফলে প্রায় ১ কিলোমিটারজুড়ে বিকট শব্দ তৈরি হয়, যা স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে।

স্থানীয় ব্যবসায়ী আলমগীর হোসেন জানান, "সকাল সাড়ে ৯টায় আমি দোকান খুলি। তার আগে ইমন দোকান খুলে হাওয়ার মেশিন চালু করে। কিছুক্ষণ পর হঠাৎ বিকট শব্দে আশপাশের সবকিছু কেঁপে ওঠে। এ সময় এক ভয়ানক পরিস্থিতির সৃষ্টি হয়। দুই শত লিটার ধারণক্ষমতার বিশাল আকারের হাওয়ার টাংকি বিস্ফোরণের সঙ্গে সঙ্গে আমার দোকানের মালামাল তছনছ হয়ে যায়।"

মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদা ইয়াসমিন বলেন, "বড়তাকিয়া বাজারে হাওয়ার টাংকি বিস্ফোরণের খবর শুনে তাৎক্ষণিকভাবে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এই ঘটনায় দুজন আহত হলেও বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া গেছে।"