সারাদেশে সার ব্যবস্থাপনা বিষয়ক কার্যক্রমে কৃষি মন্ত্রণালয়কে সহায়তা প্রদানের জন্য একটি নতুন মন্ত্রিসভা কমিটি গঠন করেছে সরকার। এই কমিটিতে তিনজন মন্ত্রী ও প্রতিমন্ত্রীকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। তারা সার উত্তোলন, বিতরণ এবং সার ডিলার নিয়োগ সংক্রান্ত কার্যক্রমে পরামর্শ প্রদান করবেন।

মঙ্গলবার (২৫ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।

গঠিত কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন। কমিটির অন্য সদস্যরা হলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, এই কমিটি দেশব্যাপী সার উত্তোলন, বিতরণ ও সার ডিলার নিয়োগ সংক্রান্ত কার্যক্রম পর্যবেক্ষণ করবে এবং কৃষি মন্ত্রণালয়কে প্রয়োজনীয় পরামর্শ দেবে। কৃষি মন্ত্রণালয় এই কমিটিকে সাচিবিক সহায়তা প্রদান করবে।

রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (কমিটি ও অর্থনৈতিক) মো. হুমায়ুন কবির স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, এই নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।