দেশে হামের প্রাদুর্ভাবে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, গতকাল সোমবার সকাল আটটা থেকে আজ সকাল আটটা পর্যন্ত এই মৃত্যুর ঘটনাগুলো ঘটে। এর ফলে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মোট ৮৪৪ জন এবং নিশ্চিত হামে ৯৯ জনসহ মোট ৯৪৩ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের আজকের প্রতিবেদন অনুযায়ী, সর্বশেষ ২৪ ঘণ্টায় সারা দেশে আরও ৯৮৬ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ দেখা দেওয়া রোগীর মোট সংখ্যা ১ লাখ ৫১ হাজার ৬৩৮ জনে দাঁড়িয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামের রোগী শনাক্ত হয়েছে ৯১ জন। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ১৮ হাজার ৫৭৮ রোগীর শরীরে হাম শনাক্ত করা হয়েছে।
হাসপাতালের তথ্যানুযায়ী, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৩২ হাজার ৫৫৪ রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১ লাখ ২৭ হাজার ৮১১ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে আরও জানানো হয়, সর্বশেষ ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কেউ মারা যাননি। তবে হামের উপসর্গে যে পাঁচজন মারা গেছেন, তাদের মধ্যে চারজন ঢাকা বিভাগের এবং একজন সিলেট বিভাগের বাসিন্দা।
উল্লেখ্য, স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত পরিসংখ্যানে বয়সভিত্তিক তথ্য দেওয়া হয় না। তবে রোগতত্ত্ববিদদের মতে, হাম সব বয়সী মানুষের হতে পারে, যদিও শিশুরাই এতে বেশি আক্রান্ত হয়। প্রাদুর্ভাবের সময় হামের উপসর্গ নিয়ে যত মৃত্যু হয়, সেগুলোকে হামে মৃত্যু হিসেবেই বিবেচনা করা হয়।