প্রবল বৃষ্টি ও ঝোড়ো হাওয়ায় আজ সোমবার ভারতের রাজধানী দিল্লির জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বৃষ্টির তীব্রতা ও ঝঞ্ঝার কারণে দিল্লি বিমানবন্দরে অবতরণ করতে চাওয়া ১০টির বেশি বিমান অন্যত্র পাঠিয়ে দেওয়া হয়। রানওয়ের কিছু অংশ জলমগ্ন হয়ে যাওয়ায় ২৫০-এরও বেশি উড়োজাহাজ যথাসময়ে অবতরণ করতে পারেনি। এছাড়া রাজধানীর অনেক রাস্তা পানির নিচে তলিয়ে যাওয়ায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কিছু আন্ডারপাস বন্ধ করে দেওয়া হয়েছে।
বেলা সাড়ে ১১টা নাগাদ বৃষ্টি শুরু হলে ধীরে ধীরে এর বেগ বাড়তে থাকে। প্রতিকূল আবহাওয়ার কারণে দিল্লিগামী ১৫টি ফ্লাইট ভিন্ন গন্তব্যে পাঠানো হয়; যার মধ্যে ১২টি জয়পুরে, ২টি চণ্ডীগড়ে এবং ১টি লক্ষ্ণৌতে পাঠানো হয়েছে। আবহাওয়ার পূর্বাভাস থাকায় ইন্ডিগো, এয়ার ইন্ডিয়া ও স্পাইসজেটের মতো বেসামরিক বিমান পরিবহন সংস্থাগুলো যাত্রীদের সতর্ক করে এবং বেশ কিছু ফ্লাইটের সময় পরিবর্তন করে।
আগস্টের চতুর্থ সপ্তাহের এই বৃষ্টির পূর্বাভাস আগেই দেওয়া হয়েছিল। আবহাওয়া অফিস ভারী বৃষ্টির সঙ্গে বজ্রপাত ও ঝোড়ো হাওয়ার সতর্কতা জারি করেছিল। সাধারণত এই সময়ে দিল্লিতে এমন বৃষ্টি সচরাচর হয় না। আজ দুই ঘণ্টায় ২৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
বৃষ্টির ফলে দিল্লির অনেক রাস্তা নদীর রূপ ধারণ করায় কিছু শিশুকে সেখানে সাঁতার কাটতে দেখা গেছে। স্কুলফেরত শিশুদের বন্ধ হয়ে যাওয়া স্কুলের গাড়ি ঠেলতে দেখা যায়। রাজধানী ও সংলগ্ন উত্তর প্রদেশের গাজিয়াবাদের রাস্তায় ব্যাপক যানজট তৈরি হয় এবং কনট প্লেসের পার্কিং এলাকাগুলো প্লাবিত হওয়ায় মেট্রোতে ভিড় বেড়ে যায়।
আবহাওয়া অফিসের মতে, আজকের বৃষ্টিতে তাপমাত্রার বিশেষ পরিবর্তন হবে না, তবে বাতাসে আর্দ্রতা বাড়তে পারে। আগামীকাল মঙ্গলবার বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই, ফলে গরম বাড়তে পারে। তবে বৃষ্টির ফলে বায়ুদূষণের মাত্রা কিছুটা কমেছে। তথ্যমতে, কোনো কোনো এলাকায় একিউআই ১০০-এরও নিচে নেমে গেছে, যা আগামী কয়েক দিন সহনীয় পর্যায়ে থাকবে বলে ধারণা করা হচ্ছে।