ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ে একটি দ্রুতগামী ট্রাকের ধাক্কায় প্রাইভেটকারের সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেছে। দুর্ঘটনায় প্রাইভেটকারের মালিক তানভীর হোসেন আহত হয়েছেন। সোমবার (২৪ আগস্ট) সকাল ৮টার দিকে মিরসরাই উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের বড় দারোগারহাট এলাকায় হাক্কানী পেট্রোল পাম্পের পাশে মহাসড়কের ইউটার্নে এই দুর্ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, সকালে ইউটার্নে প্রাইভেটকারটি ঘোরানোর সময় চট্টগ্রামমুখী একটি দ্রুতগতির ট্রাক সেটিকে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারটির সামনের অংশ ট্রাকের নিচে ঢুকে যায়। চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি প্রাইভেটকারটিকে প্রায় ২০০ মিটার টেনে নিয়ে যায়।
খবর পেয়ে কুমিরা হাইওয়ে থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত ট্রাক ও প্রাইভেটকার জব্দ করে থানায় নিয়ে যায়। তবে দুর্ঘটনার পরপরই ট্রাকের চালক পালিয়ে যান। আহত তানভীর হোসেনকে তাঁর স্বজনরা উদ্ধার করে চিকিৎসার জন্য চট্টগ্রাম শহরে নিয়ে গেছেন।
কুমিরা হাইওয়ে থানার সহকারী উপপরিদর্শক মোবারক হোসেন মুক্তকণ্ঠকে জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে গাড়ি দুটি জব্দ করেছে। তিনি আরও জানান, এ ঘটনায় তদন্ত চলছে।