গত ২৪ ঘণ্টায় হাম এবং হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে মোট ১ হাজার ২৩২ শিশু হাম ও এর উপসর্গে আক্রান্ত হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
সকাল ৮টা পর্যন্ত প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত বাংলাদেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৮৩৯ শিশুর। এছাড়া নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে আরও ৯৯ শিশুর মৃত্যু হয়েছে। অর্থাৎ, এই সময়ের মধ্যে হাম ও হামের উপসর্গ মিলিয়ে মোট ৯৩৮ শিশুর মৃত্যু হয়েছে।
প্রতিবেদনে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ৮৩ শিশু হামে আক্রান্ত হয়েছে এবং হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ১ হাজার ১৪৯। এই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৫৫ শিশু, আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৯৪৬ শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ৫০ হাজার ৬৫২ এবং নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৮ হাজার ৪৮৭। এদের মধ্যে মোট ১ লাখ ৩১ হাজার ৬৬৪ রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন, যাদের মধ্যে ১ লাখ ২৬ হাজার ৯২১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।