বৈদ্যুতিক গাড়ির দরজার হাতলের নিরাপত্তা ঝুঁকি থাকায় চীনের বাজার থেকে প্রায় ৪৩ লাখ গাড়ি ফেরত নিচ্ছে ইলন মাস্কের টেসলাসহ মোট আটটি গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান। গাড়ির গায়ের সঙ্গে মিশে থাকা রিট্র্যাকটেবল ডোর হাতলের কারণে জরুরি অবস্থায় দরজা খোলা কঠিন হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। চীনের ইতিহাসে গাড়ি প্রত্যাহারের সবচেয়ে বড় ঘোষণা হিসেবে এটিকে বিবেচনা করা হচ্ছে।

চীনের বাজার নিয়ন্ত্রক সংস্থা গত শুক্রবার জানিয়েছে, টেসলার পাশাপাশি গিলি, ডংফেং, শাওমি, চেরি, বেইজিং অটোমোটিভ, ফার্স্ট অটো ওয়ার্কস, লিপমোটর ও এক্সপেংকে তাদের বিভিন্ন মডেলের গাড়ি ফেরত নিতে হবে। এর মধ্যে টেসলা প্রায় ৩০ লাখ এবং বাকি আটটি প্রতিষ্ঠান সম্মিলিতভাবে প্রায় ১৩ লাখ গাড়ি ফেরত নেবে। ফেরত নেওয়া গাড়িগুলোর দরজার হাতলের অবস্থান চিহ্নিত করতে স্টিকার লাগানো হবে এবং সফটওয়্যার হালনাগাদ করা হবে, যাতে দুর্ঘটনার পর জানালাগুলো স্বয়ংক্রিয়ভাবে খুলে যায় এবং ভেতরে থাকা মানুষ দ্রুত বের হতে পারেন।

চীনে বেশ কিছুদিন ধরে এই নিরাপত্তা ঝুঁকি নিয়ে উদ্বেগ বাড়ছে। বিশেষ করে গাড়িতে আগুন লাগার পর চালক, যাত্রী ও উদ্ধারকারীরা দরজার হাতল খুঁজে পেতে সমস্যায় পড়ার বেশ কিছু ঘটনা সামনে এসেছে। পুরোনো মডেলের কিছু বৈদ্যুতিক গাড়ির ব্যাটারি প্রযুক্তিতে দুর্ঘটনার পর অতিরিক্ত গরম হয়ে আগুন ধরার ঝুঁকি থাকায় বিষয়টি আরও গুরুত্ব পেয়েছে।

রিট্র্যাকটেবল ডোর হাতলগুলো মূলত বৈদ্যুতিক ব্যবস্থায় চলে। দুর্ঘটনার সময় বৈদ্যুতিক ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হলে বা ১২ ভোল্টের আলাদা ব্যাটারির সংযোগ বিচ্ছিন্ন হলে এই হাতলগুলো অকার্যকর হয়ে যেতে পারে। এছাড়া ম্যানুয়াল লিভারগুলো বৈদ্যুতিক হাতলের কাছাকাছি না থাকায় জরুরি মুহূর্তে তা খুঁজে পেতে সময় নষ্ট হয়। এই ঝুঁকির কথা বিবেচনা করে গত ফেব্রুয়ারিতে চীনের নিয়ন্ত্রক সংস্থা নতুন গাড়িতে পুরোপুরি রিট্র্যাকটেবল ডোর হাতল ব্যবহারে নিষেধাজ্ঞা দেয়। আগামী বছর থেকে নতুন গাড়িতে এ ধরনের হাতল ব্যবহার করা যাবে না, তবে আংশিকভাবে প্রত্যাহারযোগ্য হাতল ব্যবহারের অনুমতি থাকবে।

এই নিরাপত্তা ঝুঁকি নিয়ে যুক্তরাষ্ট্রেও উদ্বেগ তৈরি হয়েছে। দেশটির জাতীয় মহাসড়ক ট্রাফিক নিরাপত্তা প্রশাসন এ বিষয়ে নতুন বিধিমালা তৈরির কাজ শুরু করেছে, যা কার্যকর হতে কয়েক মাস সময় লাগতে পারে। তবে এর প্রভাব ভবিষ্যতে বাজারে আসা গাড়িগুলোর ওপর পড়বে।

বিশ্বের বৃহত্তম বৈদ্যুতিক গাড়ি বাজার হিসেবে চীন এখন নিরাপত্তার মানদণ্ড নির্ধারণে কঠোর হচ্ছে। চীনের জিয়াংসি নিউ এনার্জি টেকনোলজি ইনস্টিটিউটের গাড়ি প্রযুক্তি গবেষণা বিভাগের ডিন ডেভিড ঝাং বলেন, "এত বিপুলসংখ্যক গাড়ি প্রত্যাহারের ঘটনা দেখিয়ে দিচ্ছে যে বৈদ্যুতিক গাড়ির নিরাপত্তা নিশ্চিত করতে মানদণ্ড নির্ধারণে চীন কতটা গুরুত্ব দিচ্ছে।"

উল্লেখ্য, টেসলা বা চীনা কোম্পানি ছাড়াও বিএমডব্লিউ, ফোর্ড ও হুন্দাইয়ের মতো প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানগুলো এবং কিছু জীবাশ্ম জ্বালানিচালিত ও হাইব্রিড গাড়িতেও একই ধরনের দরজার ব্যবস্থা ব্যবহৃত হচ্ছে।