ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাকের নিচে আটকে পড়া একটি প্রাইভেট কারকে নিয়ন্ত্রণহীনভাবে টেনে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় সড়কে দ্রুতগতির ট্রাকটিকে থামাতে পথচারীদের চিৎকারও শোনা যায়।

আজ সোমবার সকাল সাড়ে সাতটার দিকে চট্টগ্রামের মিরসরাই উপজেলার ওাহেদপুর ইউনিয়নের বড় দারোগারহাট এলাকায় এ ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই এ-সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তেই তা ভাইরাল হয়। জানা গেছে, বেপরোয়া ট্রাকটি সেটির নিচে আটকে পড়া প্রাইভেট কারটিকে প্রায় ২০০ মিটার টেনে নিয়ে যায়। সংঘর্ষে কারটির কিছু অংশ দুমড়ে-মুচড়ে গেলেও চালক সামান্য আহত হয়েছেন।

খবর পেয়ে হাইওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে গাড়ি দুটি জব্দ করে থানায় নিয়ে যায়।

হাইওয়ে পুলিশ সূত্রে জানায়, সকাল সাড়ে সাতটার দিকে মিরসরাইয়ের বড়দারোগারহাট এলাকায় হাক্কানী পেট্রলপাম্পের পাশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ইউ টার্নে প্রাইভেট কারটি ঘোরাচ্ছিলেন চালক। এ সময় চট্টগ্রামের দিক থেকে আসা দ্রুতগতির একটি ট্রাক কারটিকে ধাক্কা দিলে ট্রাকের সামনের অংশে সেটি আটকা পড়ে। ট্রাকের চালক গতিনিয়ন্ত্রণ করতে না পেরে কারটি ২০০ মিটার সামনে টেনে নিয়ে যান। এ সময় প্রাইভেট কারের মালিক তানভীর হোসেন কিছুটা আহত হন।

এ বিষয়ে জানতে চাইলে ঘটনাস্থলে যাওয়া কুমিরা হাইওয়ে থানার সহকারী উপপরিদর্শক মোবারক হোসেন মুক্তকণ্ঠকে বলেন, ‘মিরসরাই উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের বড় দারোগারহাট এলাকায় ট্রাকের সঙ্গে প্রাইভেট কার আটকে পড়ার খবর শুনে দ্রুত ঘটনাস্থলে গিয়ে গাড়ি দুটি জব্দ করে থানায় নিয়ে এসেছি। এ সময় ট্রাকের চালক পালিয়ে যান। আহত ব্যক্তিকে তাঁর স্বজনেরা চিকিৎসা দিতে চট্টগ্রাম শহরে নিয়ে গেছেন। আমরা ঘটনাটি তদন্ত করছি।’