চট্টগ্রামের সন্দ্বীপে আকবর হোসেন (৫৫) নামের এক দোকানির হাতে গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ঘটেছে। গতকাল রোববার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার হরিশপুর ইউনিয়নের তুলাতলি বাজারে এ ঘটনা ঘটে। ওই বাজারেই তিনি দোকান করেন।

পুলিশ জানিয়েছে, জুয়ার টাকার ভাগাভাগি নিয়ে বিরোধের জেরে আকবর হোসেনের দোকানে হামলা ও গুলি করার ঘটনা ঘটে। এ সময় আকবর হোসেন গুলিবিদ্ধ হন। পরে তাঁকে উদ্ধার করে উপজেলার স্বর্ণদ্বীপ ফাউন্ডেশন হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে দায়িত্বরত পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আলাউদ্দিন মুক্তকণ্ঠকে বলেন, আকবর হোসেনের ডান হাতের বাহুতে গুলি লেগেছে।

এদিকে এ ঘটনায় আজ সোমবার সকালে একটি বিবৃতি দিয়েছে জামায়াতে ইসলামীর সন্দ্বীপ উপজেলা শাখা। দলটির দাবি, চাঁদার জন্য ওই দোকানির ওপর হামলা করা হয়েছে। উপজেলা জামায়াতের আমির সিরাজুল ইসলাম এবং সেক্রেটারি আবু তাহের স্বাক্ষরিত এই বিবৃতিতে বলা হয়—‘তুলাতলিতে চাঁদা দাবিকে কেন্দ্র করে ব্যবসায়ী আকবর হোসেনের ওপর হামলা ও গুলিবর্ষণের ঘটনায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন ও ক্ষুব্ধ। এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে জড়িত ব্যক্তিদের শাস্তির দাবি জানাই।’

জানতে চাইলে সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন হালদার মুক্তকণ্ঠকে বলেন, প্রাথমিকভাবে জানা গেছে জুয়ার টাকার ভাগাভাগি নিয়ে আকবর হোসেনের দোকানে হামলা ও গুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় সকাল পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।