দিনাজপুরের জিয়া হার্ট ফাউন্ডেশনের জন্য আধুনিক চিকিৎসা সরঞ্জামসমৃদ্ধ একটি অ্যাম্বুলেন্স প্রদান করেছে এনসিসি ব্যাংক পিএলসি। ব্যাংকের সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমের আওতায় সম্প্রতি ঢাকায় সচিবালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই অ্যাম্বুলেন্সের চাবি হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে মহিলা ও শিশুবিষয়ক ও সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন এবং প্রতিমন্ত্রী ফারজানা শারমীনের উপস্থিতিতে এনসিসি ব্যাংকের চেয়ারম্যান মো. নূরুন নেওয়াজ সেলিম জিয়া হার্ট ফাউন্ডেশন, দিনাজপুরের সাধারণ সম্পাদক এ কে এম আজাদের হাতে চাবিটি তুলে দেন।

এই হস্তান্তর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সমাজকল্যাণসচিব মোহাম্মদ আবু ইউছুফ, এনসিসি ব্যাংকের ভাইস চেয়ারম্যান আবদুস সালাম, নির্বাহী কমিটির চেয়ারম্যান খায়রুল আলম চাকলাদার, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম শামসুল আরেফিন ও অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) মো. জাকির আনাম। এছাড়া জিয়া হার্ট ফাউন্ডেশনের পরিচালনা পর্ষদের জ্যেষ্ঠ সদস্য খালেকুজ্জামান বাবু, কোষাধ্যক্ষ আনোয়ারুল কবির, ডেভেলপমেন্ট অ্যাডভাইজার অধ্যাপক শাহ্ আলম আশরাফী, সিইও সৈয়দ মেজবাহ্ আলম, অ্যাসিস্ট্যান্ট অফিসার মো. রফিকুল ইসলামসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে এনসিসি ব্যাংকের চেয়ারম্যান মো. নূরুন নেওয়াজ বলেন, "শিক্ষা, চিকিৎসাসহ কৃষি, পরিবেশ ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে এনসিসি ব্যাংক কাজ করে যাচ্ছে।" তিনি আশা প্রকাশ করেন যে, নতুন এই অ্যাম্বুলেন্সটি হৃদ্‌রোগীদের জরুরি চিকিৎসাসেবা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।