জুলাই গণ-অভ্যুত্থানের সময় তৎকালীন প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনে প্রশ্ন করার ছলে উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় তিন সাংবাদিককে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। আজ সোমবার সকালে তাঁদের আদালতে আনা হয়।
আদালতে হাজির হওয়া তিন সাংবাদিক হলেন—ভোরের কাগজের সম্পাদক ও জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শ্যামল দত্ত, একাত্তর টেলিভিশনের প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধান সম্পাদক মোজাম্মেল বাবু এবং একাত্তর টেলিভিশনের সাবেক প্রধান প্রতিবেদক ও উপস্থাপক ফারজানা রুপা। গত ১৭ আগস্ট ট্রাইব্যুনাল তাঁদের হাজির করার নির্দেশ দিয়েছিল।
এই মামলার প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম সাংবাদিকদের জানিয়েছিলেন, ২০২৪ সালের ১৪ জুলাই গণভবনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলনে কয়েকজন সাংবাদিক প্রশ্ন করার নামে কিছু উসকানিমূলক বক্তব্য দিয়েছিলেন। তাঁর দাবি, "যে বক্তব্যের পরিপ্রেক্ষিতেই শেখ হাসিনা আন্দোলনকারীদের ‘রাজাকার’, ‘রাজাকারের বাচ্চা’, ‘রাজাকারের নাতিপুতি’ বলেছিলেন।"
প্রসিকিউটর গাজী মোনাওয়ার আরও উল্লেখ করেন, সংবাদ সম্মেলনে প্রশ্ন করা সাংবাদিকদের দায়িত্ব হলেও তৎকালীন সময়ে নির্দিষ্ট কিছু সাংবাদিক উপস্থিত থাকতেন। তাঁদের বক্তব্যগুলো প্রশ্ন ছিল না, বরং তা ছিল তৎকালীন প্রধানমন্ত্রীর প্রশংসা এবং তাঁকে দিয়ে নির্দিষ্ট কিছু কথা বলানোর জন্য উসকানিমূলক প্রস্তাব। তাঁর মতে, এই ধরনের কর্মকাণ্ডের কারণেই সংশ্লিষ্ট অপরাধগুলো সংঘটিত হয়েছে।