সিলেটের বিয়ানীবাজার উপজেলার লাউতা ইউনিয়নের সুনাই নদীতে শেষবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহ্যবাহী নৌকাবাইচ। আয়োজক কমিটি এবং ‘তৌহিদী জনতা’র মধ্যে সমঝোতার পর আগামী ২৮ আগস্ট পূর্বনির্ধারিত সময়ে এই আসর বসবে।

গত শনিবার (২২ আগস্ট) রাতে বারইগ্রাম বাজারে স্থানীয় বিভিন্ন শ্রেণিপেশার মানুষের উপস্থিতিতে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে নৌকাবাইচ কেন্দ্রিক বর্তমান পরিস্থিতি, স্থানীয়দের মতামত এবং ভবিষ্যতে এ ধরনের জটিলতা নিরসনের উপায় নিয়ে দীর্ঘ আলোচনা চলে।

বৈঠকে বক্তারা উল্লেখ করেন, নৌকাবাইচ এ অঞ্চলের দীর্ঘদিনের ঐতিহ্য। এই আয়োজনকে কেন্দ্র করে কোনো ভুল বোঝাবুঝি বা মতপার্থক্য যেন এলাকার শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্য নষ্ট না করে, সেদিকে সবাইকে দায়িত্বশীল হতে হবে। আলোচনার মাধ্যমেই স্থানীয় যেকোনো সমস্যার শান্তিপূর্ণ সমাধান সম্ভব বলে তারা মত দেন।

সমঝোতা অনুযায়ী, এ বছর সুনাই নদীতে নৌকাবাইচের সর্বশেষ আসর হবে। আগামী বছর থেকে এই স্থানে আর প্রতিযোগিতা না করার বিষয়ে উভয়পক্ষ একমত হয়েছে।

লাউতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলওয়ার হোসেন জানান, বাহাদুরপুর গাংপার যুব সমাজের উদ্যোগে আগামী ২৮ আগস্ট সুনাই নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতা হবে। আয়োজকরা যথাসময়ে অনুষ্ঠানটি সম্পন্ন করার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “এ বছর যথাসময়ে নৌকাবাইচ প্রতিযোগিতা আয়োজনের সুযোগ চেয়েছে আয়োজক সংগঠন বাহাদুর গাংপার যুব সমাজ। তবে তারা আগামী বছর থেকে সুনাই নদীতে আর নৌকাবাইচ আয়োজন করবে না। উভয়পক্ষই এ সিদ্ধান্তে মত দেওয়ায় শান্তিপূর্ণভাবে সমস্যার সমাধান হয়েছে।”

আয়োজনকে কেন্দ্র করে নতুন করে কোনো বিরোধ বা উত্তেজনা যেন সৃষ্টি না হয়, সে বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে উল্লেখ করে দেলওয়ার আরও বলেন, “দীর্ঘ আলোচনার পর পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে সমঝোতায় পৌঁছানোয় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।”

আয়োজক কমিটির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম জানান, আগামী ২৮ আগস্ট পূর্বনির্ধারিত সময়েই প্রতিযোগিতা হবে এবং এ নিয়ে কেউ বিভ্রান্ত হবেন না। তিনি বলেন, “স্থানীয়দের সহযোগিতা ও পারস্পরিক আলোচনার মাধ্যমে নৌকাবাইচকে ঘিরে সৃষ্ট জটিলতার সমাধান হয়েছে। এখন পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী প্রতিযোগিতা আয়োজনের প্রস্তুতি চলছে।”

বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মোহাম্মদ মাহফুজুল করিম বলেন, “বিষয়টির শান্তিপূর্ণ সমাধান হয়েছে বলে জেনেছি।”

আগামী বছর থেকে নৌকাবাইচ আয়োজন না করার শর্তে এবার সমঝোতা হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে ওসি বলেন, “আমাদেরকে জানানো হয়েছে ২৮ আগস্ট প্রতিযোগিতা হবে। আগামী বছর হবে কি না বিষয়টি আমার জানা নেই।”