চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ চারটি প্রতিষ্ঠানকে ৪০ লাখ টাকা জরিমানা করেছে। অভিযানে পচা-বাসি খাবার, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রক্রিয়াজাত করার প্রমাণ পাওয়া গেছে।

বিশুদ্ধ খাদ্য আদালতের প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তফা গতকাল শনিবার এসব প্রতিষ্ঠানে জরিমানা করেন। জরিমানা করা প্রতিষ্ঠানগুলো হলো ফ্লেভারস সুইটস অ্যান্ড বেকারি ১৯ লাখ টাকা, মেরিডিয়ান ফুড প্রোডাক্টস লিমিটেড ১০ লাখ টাকা, উৎসব সুপারশপ ১০ লাখ টাকা এবং রিও ক্যাফে–মাজায়দার ১ লাখ টাকা।

জরিমানার পাশাপাশি অনাদায়ে সংশ্লিষ্টদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। ফ্লেভারস সুইটস অ্যান্ড বেকারির কারখানায় পচা-বাসি মিষ্টির উচ্ছিষ্ট সংরক্ষণ করা হচ্ছিল এবং সেখানে মেয়াদোত্তীর্ণ মিষ্টি, কেক ও বিস্কুট পাওয়া যায়।

মেরিডিয়ান ফুড প্রোডাক্টসের কারখানায় তেলাপোকার বিচরণ দেখা যায় এবং অস্বাস্থ্যকর পরিবেশে নিমকি ও চিপস উৎপাদন করা হচ্ছিল। উৎসব সুপারশপে মেয়াদোত্তীর্ণ মোমোস, নষ্ট মরিচ, বিভিন্ন মসলা ও চকলেট সংরক্ষণ ও বিক্রির প্রমাণ পাওয়া যায়।

রিও ক্যাফে–মাজায়দারে পচা-বাসি খাবার সংরক্ষণ এবং খাদ্যকর্মীদের স্বাস্থ্যবিধি না মানার প্রমাণ পাওয়া যায়। নিরাপদ খাদ্য কর্মকর্তা মোহাম্মদ ফারহান ইসলাম বলেন, "জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ বেশ কিছু গুরুতর অনিয়ম পাওয়া গেছে। নিরাপদ খাদ্য আইন অনুযায়ী আদালত ব্যবস্থা নিয়েছেন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।"