চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার সম্ভাব্য সময়সূচি ঘোষণা করা হয়েছে। আগামী বছরের ২৯ জানুয়ারি থেকে পরীক্ষা শুরু হয়ে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। ভর্তি হতে ইচ্ছুক শিক্ষার্থীরা আগামী ১৫ নভেম্বর থেকে আবেদন করতে পারবেন এবং আবেদন শেষ হবে ১০ ডিসেম্বর।

আজ রোববার বিকেলে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (একাডেমিক) ও ভর্তি কমিটির সচিব এস এম আকবর হোছাইন স্বাক্ষর করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী বছর ২৯ জানুয়ারি শুক্রবার ‘সি’ ইউনিট দিয়ে ভর্তি পরীক্ষা শুরু হবে। এরপর ৩০ জানুয়ারি ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ‘বি’ ইউনিটের পরীক্ষা হবে ৫ ফেব্রুয়ারি এবং ‘ডি’ ইউনিটের পরীক্ষা হবে ৬ ফেব্রুয়ারি।

এ ছাড়া ‘বি-১’ উপ-ইউনিটের পরীক্ষা হবে ৩ ফেব্রুয়ারি, ‘বি-২’ উপ-ইউনিটের পরীক্ষা ৪ ফেব্রুয়ারি এবং ‘ডি-১’ উপ-ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে ৮ ফেব্রুয়ারি।

গত বছরের মতো এ বছরও ‘এ’, ‘বি’, ‘সি’ ও ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা চট্টগ্রাম, ঢাকা ও রাজশাহী বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে। তবে ‘বি-১’, ‘বি-২’ ও ‘ডি-১’ উপ-ইউনিটের ভর্তি পরীক্ষা কেবল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হবে। ভর্তি পরীক্ষায় অংশ নিতে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

জানতে চাইলে ভর্তি কমিটির সচিব এস এম আকবর হোছাইন মুক্তকণ্ঠকে বলেন, ‘আজকেই আমাদের ভর্তি কমিটির প্রথম বৈঠক হলো। এ বৈঠকে পরীক্ষার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। এর বাইরে এখন অবধি কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি’