নতুন মৌসুমের প্রস্তুতি নিতে নেমে প্রাক-মৌসুমের প্রীতি ম্যাচে আকস্মিক মৃত্যু হয়েছে পর্তুগিজ ফুটবলার কেভিন কাস্ত্রোর। ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিয়নের সাবেক এই মিডফিল্ডারের বয়স ছিল মাত্র ২৫ বছর।

শনিবার পর্তুগালের মালভেইরায় রিয়াল স্পোর্ট ক্লাবের হয়ে এস্ত্রেলা দা আমাদোরার বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলছিলেন কাস্ত্রো। স্থানীয় সংবাদমাধ্যমের তথ্যমতে, ম্যাচের প্রায় ১০ মিনিটের মাথায় তিনি হঠাৎ মাঠে অচেতন হয়ে লুটিয়ে পড়েন। দ্রুত মাঠে প্রবেশ করে এস্ত্রেলার একজন চিকিৎসক ডিফিব্রিলেটরের সাহায্যে তাকে বাঁচানোর চেষ্টা করেন এবং জরুরি চিকিৎসাসেবায় খবর দেওয়া হয়। দ্রুত হাসপাতালে নেওয়া হলেও তাকে আর বাঁচানো সম্ভব হয়নি। এই ঘটনার পর ম্যাচটি বাতিল করা হয়। তবে তার মৃত্যুর কারণ এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।

রিয়াল স্পোর্ট এক বিবৃতিতে এই শোকসংবাদ নিশ্চিত করে জানিয়েছে, "কাস্ত্রো শুধু একজন খেলোয়াড় ছিলেন না, তিনি ছিলেন তাদের ক্রীড়া পরিবারের অবিচ্ছেদ্য অংশ। মাঠ ও মাঠের বাইরে যারা তাকে চিনতেন, সবার মধ্যেই তিনি স্থায়ী ছাপ রেখে গেছেন।"

কাস্ত্রোর মৃত্যুতে শোক প্রকাশ করেছে লিসবন ফুটবল অ্যাসোসিয়েশন ও এস্ত্রেলা দা আমাদোরা। তারা কাস্ত্রোর পরিবার, বন্ধু, সতীর্থ এবং রিয়াল স্পোর্টের সবার প্রতি সমবেদনা জানিয়েছে।

২০২১ সালে কিশোর বয়সে ওয়েস্ট ব্রমে যোগ দিয়েছিলেন কাস্ত্রো। আর্সেনালের বিপক্ষে লিগ কাপের ম্যাচে মূল দলের হয়ে তার অভিষেক হয় এবং ২০২২ সালের ফেব্রুয়ারিতে লিগে অভিষেক ঘটে। একই বছর উলভারহ্যাম্পটনের বিপক্ষে প্রিমিয়ার লিগ কাপের ফাইনালেও গোল করেছিলেন তিনি। পরবর্তীতে বার্টন অ্যালবিয়ন, নটস কাউন্টি ও গেটসহেডে ধারে খেলার পাশাপাশি ইয়র্ক সিটি, কিংস লিন, চিপেনহাম, ক্যামব্রিজ সিটি ও ইস্টবোর্নের মতো ইংলিশ ক্লাবে খেলেছেন তিনি। সবশেষে নিজ দেশ পর্তুগালে ফিরে রিয়াল স্পোর্টে যোগ দেন।

কাস্ত্রোর মৃত্যুতে নিজেদের বিধ্বস্ত বলে জানিয়েছে ওয়েস্ট ব্রম। রোববার বার্নলির বিপক্ষে চ্যাম্পিয়নশিপের ম্যাচে তাকে বিশেষভাবে স্মরণ করবে ক্লাবটি। কাস্ত্রোর বয়সের সঙ্গে মিল রেখে ম্যাচের ২৫তম মিনিটে করতালি দেওয়া হবে এবং খেলোয়াড়েরা কালো আর্মব্যান্ড পরে মাঠে নামবেন।