বান্দরবান সদর উপজেলার টঙ্কাবতী ইউনিয়নের ব্রিকফিল্ড বাজারের পূর্ব পাশে একটি আমবাগানে শ্রমিকদের মধ্যে মুঠোফোন ফেরত দেওয়া নিয়ে তর্কাতর্কির জেরে এক তরুণকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
পুলিশ জানায়, গতকাল শুক্রবার বেলা তিনটার দিকে এ ঘটনা ঘটে। পরে গতকাল রাতের দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত তরুণের লাশ উদ্ধার করে।
নিহত তরুণের নাম মো. নাসির। তিনি কক্সবাজারের মহেশখালী উপজেলার বাসিন্দা।
হত্যার অভিযুক্ত মো. মানিক ঘটনার পর থেকে পলাতক। তাঁর বাড়ি চট্টগ্রামের পটিয়ায়।
পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, নিহত ও অভিযুক্ত ব্যক্তি দুজনই শ্রমিক। গতকাল বেলা তিনটার দিকে টঙ্কাবতীর ব্রিকফিল্ড বাজারের পূর্ব পাশে আমবাগানে তাঁরা দুজনসহ মোট আট শ্রমিক কাজ করছিলেন। ওই সময় মো. মানিকের সঙ্গে মো. নাসিরের তর্কাতর্কি হয়। অভিযোগ, মানিক দাবি করেন, তাঁর একটি মুঠোফোন ব্যবহার করতে নিয়ে আর ফেরত দিচ্ছেন না নাসির। এর জেরে তর্ক একপর্যায়ে গড়ায়। অভিযুক্ত মানিক তাঁর হাতে থাকা দা দিয়ে নাসিরের ঘাড়ে উপর্যুপরি কোপাতে থাকেন। এতে ঘটনাস্থলেই নাসিরের মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শীদের বরাতে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন টঙ্কাবতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাংইয়ং ম্রো। তিনি বলেন, ঘটনার পর নাসির পালিয়ে যান। রাতে পুলিশ লাশ উদ্ধার করে।
এলাকাটি জেলা সদর থেকে ২৪ কিলোমিটার দূরে সুয়ালক-লামা সড়কে। নাসিরের লাশ উদ্ধার সংক্রান্ত বিষয়ে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ পারভেজ আজ সকালে বলেন, অভিযুক্ত মানিককে আটক করতে অভিযান চলছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।