খুলনার কয়রা উপজেলার সিংহেরটেক এলাকায় রাই নদীতে নৌকাডুবির শিকার হওয়া নয়জন পর্যটককে উদ্ধার করেছে নৌ পুলিশ। শুক্রবার (২১ আগস্ট) বিকেলে এই ঘটনা ঘটে।
নৌ পুলিশ সূত্রে জানা যায়, আংটিহারা নৌ পুলিশ ফাঁড়ির একটি টহল দল টহলে থাকা অবস্থায় ৯৯৯ নম্বরে খবর পায় যে, সিংহেরটেক এলাকায় রাই নদীতে পর্যটকসহ একটি নৌকা ডুবে গেছে। খবর পেয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় টহল দল। সেখানে গিয়ে পুলিশ দেখতে পায়, তিনজন নৌকার অংশ ধরে নদীতে ভাসছেন এবং অপর ছয়জন নদীর মাঝখানে থাকা গাছের ডাল আঁকড়ে ধরে আছেন। এরপর নৌ পুলিশের সদস্যরা দ্রুত তাদের উদ্ধার করে টহল নৌকায় তুলে নেন।
উদ্ধার হওয়া ব্যক্তিরা হলেন— নৌকার মাঝি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নাপিতখালী এলাকার কিসমত আলী, পর্যটক নাঈম হোসেন, রাকিবুল হাসান, মো. আশিক, মো. পলাশ হোসেন, মো. শাহীন, ইমামুল হোসেন, যশোরের বেনাপোল পৌরসভার কাগজপুকুর এলাকার মো. গালিব ও মো. আব্দুল্লাহ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে উদ্ধারকৃতরা জানান, শুক্রবার দুপুর ২টার দিকে সাতক্ষীরার শ্যামনগরের নাপিতখালী এলাকা থেকে আংটিহারা ও সুন্দরবনের আশপাশের এলাকা ঘুরতে নৌকায় রওনা হন। ঘোরাঘুরি শেষে বিকেল সোয়া ৫টার দিকে সিংহেরটেক এলাকায় রাই নদীর মাঝামাঝি পৌঁছালে হঠাৎ নৌকার নিয়ন্ত্রণ হারিয়ে যায়। একপর্যায়ে নৌকাটি ডুবে গেলে তারা নদীতে পড়ে যান।
আংটিহারা নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক হোসেন বলেন, "খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে টহল দল পাঠানো হয়। তাদের তৎপরতায় নয়জনকে দ্রুত উদ্ধার করা সম্ভব হয়েছে। এই ঘটনায় কোনো হতাহত বা নিখোঁজের ঘটনা ঘটেনি।"