তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় আরও চারজন নতুন সদস্য যুক্ত হতে যাচ্ছেন। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আজ শুক্রবার সন্ধ্যায় রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ নেওয়ার পর নতুন সদস্যরা শপথ গ্রহণ করবেন।
সরকার ও বিএনপির সূত্র অনুযায়ী, মন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন আবদুল মঈন খান, আন্দালিব রহমান পার্থ ও সাচিং প্রু জেরী। এছাড়া প্রতিমন্ত্রী হিসেবে মোহাম্মদ শামীম কায়সার লিংকনের নাম আলোচনায় রয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সম্ভাব্য এই চারজনের সঙ্গে যোগাযোগ করে সন্ধ্যায় বঙ্গভবনে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে বলে জানা গেছে।
বিষয়টি নিয়ে সাচিং প্রু জেরী মুক্তকণ্ঠকে বলেন, ‘আমাকে কল করা হয়েছে। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বঙ্গভবনে থাকতে বলা হয়েছে। এটুকুই বলতে পারি।’
অন্যদিকে, মন্ত্রিসভায় নতুন সদস্য যুক্ত হওয়ার বিষয়ে জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি নিশ্চিত বা অস্বীকার কিছুই করেননি। তবে তিনি বলেন, এ বিষয়ে তাঁকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। সরকারি যানবাহন অধিদপ্তরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা মুক্তকণ্ঠকে জানান, মন্ত্রিপরিষদ বিভাগের অনুরোধে ছয়টি গাড়ি পাঠানো হয়েছে, তবে তার মধ্যে কয়টি ব্যবহৃত হবে তা মন্ত্রিপরিষদ বিভাগই জানাতে পারবে।
প্রস্তাবিত মন্ত্রীদের মধ্যে আবদুল মঈন খান বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং নরসিংদী-২ আসনের সংসদ সদস্য। তিনি গত ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হন। আন্দালিব রহমান পার্থ বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান এবং ভোলা-১ আসনের সংসদ সদস্য। সাচিং প্রু জেরী বিএনপির বান্দরবান জেলা শাখার আহ্বায়ক এবং বান্দরবান আসনের সংসদ সদস্য। এছাড়া প্রতিমন্ত্রী হিসেবে আলোচনায় থাকা মোহাম্মদ শামীম কায়সার লিংকন গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সংসদ সদস্য।
গত ফেব্রুয়ারিতে সরকার গঠনের সময় প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার সদস্য ছিলেন ৫০ জন। তাঁদের মধ্যে প্রধানমন্ত্রী ছাড়া ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী ছিলেন। এছাড়া ১০ জন উপদেষ্টা রয়েছেন, যাদের পাঁচজন মন্ত্রী এবং পাঁচজন প্রতিমন্ত্রীর পদমর্যাদায় দায়িত্ব পালন করছেন, তবে তাঁরা মন্ত্রিসভার সদস্য নন। আজ তিন মন্ত্রী ও এক প্রতিমন্ত্রী শপথ নিলে প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার মোট সদস্যসংখ্যা বেড়ে হবে ৫৪ জন। এর মধ্যে প্রধানমন্ত্রী ছাড়া মন্ত্রীর সংখ্যা হবে ২৮ এবং প্রতিমন্ত্রীর সংখ্যা হবে ২৫।