নোয়াখালীতে সড়ক দুর্ঘটনা হ্রাস এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের নিয়ে একটি সচেতনতামূলক সভা ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) উদ্যোগে বৃহস্পতিবার (২০ আগস্ট) সদর উপজেলার নোয়াখালী উচ্চবিদ্যালয়ে এই সভা আয়োজিত হয়।

বিআরটিএ, নোয়াখালী সার্কেলের আয়োজনে অনুষ্ঠিত এই সেমিনারে সড়ক নিরাপত্তা, ট্রাফিক সংকেত মেনে চলা, নিরাপদে সড়ক পারাপার এবং পথচারী ও যাত্রীদের করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।

সেমিনারে প্রশিক্ষক হিসেবে বক্তব্য দেন বিআরটিএ নোয়াখালী সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মাহবুব রাব্বানী এবং মোটরযান পরিদর্শক মোশাররফ হোসেন। এ সময় নিরাপদ সড়ক চাই (নিসচা) নোয়াখালী শাখার সাধারণ সম্পাদক শাকিল ও জিটিভির জেলা প্রতিনিধি উপস্থিত ছিলেন।

সভায় শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সড়ক নিরাপত্তা-সংক্রান্ত বিভিন্ন বিষয়ে ধারণা দেওয়া হয়। এর মধ্যে ট্রাফিক সংকেতের ব্যবহার, পথচারী ও যাত্রীদের করণীয়, নিরাপদে সড়ক পারাপারের নিয়ম এবং গণপরিবহনে চলাচলের সময় করণীয় বিষয়গুলো অন্তর্ভুক্ত ছিল।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন নোয়াখালী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদ রিয়াদ।

বিআরটিএ সূত্র জানিয়েছে, সড়ক দুর্ঘটনা কমাতে এবং জনসচেতনতা বাড়াতে সড়ক পরিবহন খাতের অংশীজনদের সহযোগিতায় নোয়াখালী জেলায় বছরব্যাপী সচেতনতামূলক সভা ও সেমিনার আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পর্যায়ক্রমে এ ধরনের কর্মসূচি চলবে।

নোয়াখালী উচ্চবিদ্যালয়ে আয়োজিত এই সেমিনারে ৫৭ জন শিক্ষার্থীসহ শিক্ষক ও অভিভাবকেরা অংশ নেন।