কারাবন্দী পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে চিকিৎসার জন্য ইসলামাবাদের শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে স্থানান্তরের আদেশের বিরুদ্ধে সরকারের করা পুনর্বিবেচনার আবেদন ফেরত পাঠিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। আজ বৃহস্পতিবার আদালতের রেজিস্ট্রার কার্যালয় থেকে ইসলামাবাদের চিফ কমিশনারের করা এই আবেদনে আপত্তি জানানো হয়েছে। রেজিস্ট্রার কার্যালয়ের আপত্তি দূর করার পর আবেদনটি পুনরায় দায়ের করা হবে বলে জানানো হয়েছে।
এদিকে পিটিআইয়ের সাধারণ সম্পাদক সালমান আকরাম রাজা এক্সে করা পোস্টে দাবি করেছেন, ইমরানকে হাসপাতালে স্থানান্তরের বিষয়ে সুপ্রিম কোর্টের আদেশের বিরুদ্ধে করা পুনর্বিবেচনার আবেদন প্রত্যাহার করে নিয়েছে ফেডারেল সরকার। আকরাম রাজা আরও বলেন, "১৮ আগস্টের সুপ্রিম কোর্টের আদেশ না মানার কোনো অজুহাতই আর অবশিষ্ট নেই। ইমরান খানকে অবিলম্বে শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে স্থানান্তর করতে হবে।"
ইসলামাবাদের চিফ কমিশনার, ইসলামাবাদ ক্যাপিটাল টেরিটরির (আইসিটি) অ্যাডভোকেট জেনারেলের মাধ্যমে এই আবেদনটি করেছিলেন। এর আগে কেন্দ্রীয় সরকারের আবেদনে বলা হয়েছিল, "ইমরান খানকে একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দিয়ে সুপ্রিম কোর্টের ১৮ আগস্টের অন্তর্বর্তীকালীন আদেশটি আদালতের এখতিয়ার অতিক্রম করেছে এবং এটি পুনর্বিবেচনা করা উচিত।"
আবেদনে আরও যুক্তি দেওয়া হয়, "মনে হচ্ছে, উল্লিখিত সংবিধিবদ্ধ বিধানটি মাননীয় আদালতের দৃষ্টি এড়িয়ে গেছে, যার ফলে নথিপত্রে স্পষ্ট এক ভুল তৈরি হয়েছে। আদালত যদি আইনের উল্লিখিত বিধান বিবেচনা করতেন, তবে পুনর্বিবেচনাধীন আদেশটি জারি করা সম্ভব হতো না। তাই এটি পুনর্বিবেচনা পাওয়ার যোগ্য।"
আবেদনে উল্লেখ করা হয়, ২০২৩ সালের ৫ আগস্ট অতিরিক্ত দায়রা জজ ইমরান খানকে তিন বছরের কারাদণ্ডে দণ্ডিত করেন, যার বিরুদ্ধে তিনি ইসলামাবাদ হাইকোর্টে (আইএইচসি) আপিল করেন। সাবেক প্রধানমন্ত্রী চিকিৎসার জন্য শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে স্থানান্তরের আবেদন করলেও গত ১২ মার্চ আইএইচসি তা খারিজ করে দেয়। এরপরই শীর্ষ আদালতে আপিল করা হয়। আবেদনে ১৯৭৮ সালের পাকিস্তান প্রিজন রুলসের ১৯৭ নম্বর বিধির কথা উল্লেখ করে বলা হয়, হাসপাতালে স্থানান্তরিত বন্দীদের অবশ্যই পুলিশের নজরদারিতে রাখতে হবে।
সরকারের দাবি অনুযায়ী, বিষয়টি প্রথমবার সুপ্রিম কোর্টের সামনে আসায় সংশ্লিষ্ট পক্ষগুলোকে কোনো নোটিশ দেওয়া হয়নি। অতীতে নিয়মিত ইমরানের শারীরিক পরীক্ষা করা হয়েছে এবং মেডিক্যাল বোর্ডের চিকিৎসাসেবা তিনি গ্রহণ করেছেন। তাই স্বাস্থ্যগত কারণে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়ার আগে চিকিৎসাবিশেষজ্ঞদের মতামত নেওয়া উচিত ছিল বলে যুক্তি দেওয়া হয়।
গত মঙ্গলবার সুপ্রিম কোর্ট আদিয়ালা জেল কর্তৃপক্ষকে দুই দিনের মধ্যে পিটিআই প্রতিষ্ঠাতাকে চিকিৎসা মূল্যায়ন ও চিকিৎসার জন্য শিফা হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দেয়। আদালত একটি মেডিক্যাল বোর্ড গঠনের নির্দেশ দিয়ে জানায়, চিকিৎসা চলাকালীন ড. উজমা এবং সাবেক প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক উপস্থিত থাকতে পারবেন এবং যাবতীয় খরচ তাঁর পরিবার বহন করবে। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে এই স্থানান্তর সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়। তবে আদালত সতর্ক করে বলেছে, কর্তৃপক্ষের নির্দেশের কোনো লঙ্ঘন হলে পিটিআই প্রতিষ্ঠাতাকে দেওয়া সুযোগ-সুবিধা প্রত্যাহার করা হতে পারে।
এই রায়ের পর পিটিআই সুপ্রিম কোর্টের আদেশকে স্বাগত জানালেও দলীয় কর্মীদের হাসপাতালের বাইরে জমায়েত হওয়া থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে।
দ্য এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদনে বলা হয়েছে, সুপ্রিম কোর্টের এই আদেশে রাজনৈতিক ও আইন অঙ্গনের অনেকেই বিস্মিত হয়েছেন। এর ফলে রাজনৈতিক অঙ্গন থেকে প্রায় তিন বছর বিচ্ছিন্ন থাকার পর পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) জন্য রাজনৈতিক পরিসর তৈরির ইঙ্গিত মিলছে কি না, তা নিয়ে বিতর্ক শুরু হয়েছে। রাজনৈতিক ও আইনবিষয়ক কয়েকজন বিশ্লেষকের মতে, বর্তমান পরিস্থিতিতে ইমরান খানের সঙ্গে কোনো ধরনের সমঝোতার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। উদ্ভূত পরিস্থিতিতে ইমরান খান নতুন প্রদেশ গঠন ও নির্দিষ্ট সময়ের জন্য জাতীয় সরকার গঠনের মতো প্রস্তাব মেনে নিতে পারেন কি না, তা নিয়ে আলোচনা চলছে।
উল্লেখ্য, ৭৩ বছর বয়সী ইমরান খান ২০২৩ সালের আগস্ট থেকে কারাগারে রয়েছেন। তাঁর ও তাঁর দলের দাবি, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁকে বন্দী রাখা হয়েছে। ২০২২ সালের এপ্রিলে অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে তিনি একাধিক আইনি মামলার সম্মুখীন হয়েছেন।