কুড়িগ্রামের উলিপুর উপজেলায় পৃথক ঘটনায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা থেকে দুপুর ১২টার মধ্যে উপজেলার তিনটি এলাকায় এসব ঘটনা ঘটে।
মারা যাওয়া দুই শিশুর মধ্যে একজন হলো উলিপুর পৌরসভার পশ্চিম নাওডাঙ্গা গ্রামের ইউনুস আলীর ছেলে আরমান (৪) এবং অন্যজন তবকপুর ইউনিয়নের উমানন্দ গ্রামের নুর আলমের ছেলে মাসুদ রানা (৩)।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ির পাশে খেলছিল মাসুদ রানা। একপর্যায়ে পরিবারের সদস্যদের অগোচরে সে পাশের পুকুরে পড়ে যায়। পরে স্বজনেরা খোঁজাখুঁজি করে দুপুর ১২টার দিকে তাকে পুকুরের পানি থেকে উদ্ধার করে উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে, পশ্চিম নাওডাঙ্গা গ্রামে বাড়ির পাশে খেলছিল আরমান। সে পুকুরে পড়ে যাওয়ার পর পরিবারের সদস্যরা সকাল নয়টার দিকে তাকে উদ্ধার করে উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এছাড়া, সকাল সাড়ে আটটার দিকে দলদলিয়া ইউনিয়নের দোকলাপাড়া গ্রামে পানিতে পড়ে আহত হয় সুমাইয়া খাতুন। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) তানজিরুল ইসলাম জানান, মাসুদ রানা ও আরমানকে হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়। সুমাইয়াকে উন্নত চিকিৎসার জন্য কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাঈদ ইবনে সিদ্দিক জানান, মাসুদ রানার পরিবারের কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে। আরমানের মৃত্যুর ঘটনায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিষয়টি খতিয়ে দেখছে।