জামায়াতে ইসলামী সুযোগ পেলে সাবেক সরকারি দল আওয়ামী লীগের চেয়েও বড় ফ্যাসিস্ট রূপ ধারণ করবে বলে দাবি করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। একই সঙ্গে তিনি দলটির নাম থেকে ‘ইসলাম’ শব্দটি বাদ দেওয়ার আহ্বান জানান।

বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন কুষ্টিয়া সরকারি কলেজ ছাত্র অধিকার পরিষদের সভাপতি সোহানুর রহমান সোহানকে দেখতে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

নুরুল হক নুর বলেন, “ছয় মাস যেতে না যেতেই জামায়াতে ইসলামীর সরকারে যাওয়ার খায়েশ জেগেছে। বর্তমান সরকারকে নিয়ে দলটির নেতারা বিভিন্ন বিরক্তিকর বক্তব্য দেওয়া শুরু করেছেন।”

জামায়াত নেতা আমির হামজার তীব্র সমালোচনা করে প্রতিমন্ত্রী বলেন, “এই উন্মাদ সংসদ সদস্য বিভিন্ন সময় আমাদের নারী সংসদ সদস্যদের নিয়ে অশ্লীল ও কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন। শুধু তাই নয়, প্রয়াত বেগম খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোকে নিয়েও তিনি অত্যন্ত নোংরা মন্তব্য করেছেন। জামায়াত এসব নোংরা ও ভণ্ডামিপূর্ণ কথাবার্তাকে সরাসরি সমর্থন দিয়ে যাচ্ছে।”

তিনি আরও উল্লেখ করেন, আমির হামজা এবং সাতক্ষীরার এমপি নজরুল ইসলামের মতো নেতাদের এসব কর্মকাণ্ডের পর তারা যদি নিজেদের এখনও ‘ইসলামী দল’ হিসেবে দাবি করে, তবে তা সরাসরি ইসলামের মূলনীতির সঙ্গে সাংঘর্ষিক।

নুরুল হক নুরের মতে, তারা ধর্মের লেবাস ধরে ইসলামেরই সবচেয়ে বড় ক্ষতি করছে। তাই তিনি বলেন, “তাই তাদের অবিলম্বে নামের মধ্য থেকে ‘ইসলামী’ শব্দটি বাদ দেওয়ার অনুরোধ করছি।”