মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে এবং জনসচেতনতা বৃদ্ধিতে নোয়াখালীর নয়টি থানায় একযোগে র‍্যালি ও সমাবেশের আয়োজন করা হয়েছে। এই কর্মসূচির পাশাপাশি জেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে ২২৯টি ইয়াবা এবং ৩০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন এসব তথ্য নিশ্চিত করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, নয়টি থানায় আয়োজিত এই সচেতনতামূলক কর্মসূচিতে জনপ্রতিনিধি, পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতা, সাংবাদিক এবং শিক্ষার্থীসহ বিভিন্ন পেশার মানুষ অংশগ্রহণ করেন। সচেতনতা বৃদ্ধির পাশাপাশি দিনব্যাপী জেলার বিভিন্ন থানা ও বিট এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। মোট ২১টি পৃথক অভিযানে মাদক সংক্রান্ত অপরাধে ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশের দেওয়া তথ্যানুযায়ী, হাতিয়া থানা এলাকা থেকে ২০ গ্রাম গাঁজাসহ ২ জন, বেগমগঞ্জ মডেল থানা থেকে ২২২টি ইয়াবাসহ ৩ জন, চরজব্বর থানা থেকে ৭টি ইয়াবাসহ ১ জন এবং সোনাইমুড়ী থানা এলাকা থেকে আরও ৩ জনকে গ্রেপ্তার করা হয়। এছাড়া মাদকের ভিন্ন ভিন্ন মামলায় তিনজনকে আদালত যথাক্রমে চার দিন, তিন দিন এবং ৪৫ দিনের কারাদণ্ড প্রদান করেছেন।

নোয়াখালীর পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত রয়েছে। মাদক ব্যবসা, সরবরাহ ও সেবনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার পাশাপাশি সামাজিক প্রতিরোধমূলক কার্যক্রমও জোরদার করা হবে।”