বিশ্ব ফটোগ্রাফি দিবস উপলক্ষ্যে রাজধানী ঢাকায় বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করেছে বাংলাদেশ ফটো জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (বিপিজেএ)। এই আয়োজনের মাধ্যমে ফটোসাংবাদিকদের পেশাগত মর্যাদা, নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করার দাবি জানানো হয়।
বুধবার দুপুরে পুরানা পল্টনে অবস্থিত বিপিজেএ কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রাটি শুরু হয়। সেখান থেকে দৈনিক বাংলা মোড় প্রদক্ষিণ করে মিছিলটি পুনরায় বিপিজেএ কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
শোভাযাত্রায় বিপিজেএর ভারপ্রাপ্ত সভাপতি মশিউর রহমান সুমন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বাদলসহ সংগঠনের সদস্য এবং দেশি-বিদেশি বিভিন্ন গণমাধ্যমের ফটোসাংবাদিকেরা অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীদের হাতে থাকা বিভিন্ন ফেস্টুন ও ব্যানারে বিশ্ব ফটোগ্রাফি দিবসের তাৎপর্যের পাশাপাশি ফটোসাংবাদিকদের পেশাগত মর্যাদা ও নিরাপত্তা সংক্রান্ত বার্তা ফুটিয়ে তোলা হয়।
মিছিলের বিভিন্ন পর্যায়ে রঙিন ধোঁয়া বা কালার স্মোক ছড়ানো হলে অংশগ্রহণকারীদের মধ্যে উচ্ছ্বাস দেখা দেয়, যা শোভাযাত্রার পরিবেশকে আরও আকর্ষণীয় করে তোলে। উপস্থিত ফটোসাংবাদিকেরা সেই মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করেন।
আয়োজকেরা বলেন, "ছবি শুধু কোনো দৃশ্য ধারণ করে না, এটি সময় ও ইতিহাসের গুরুত্বপূর্ণ সাক্ষ্যও বহন করে। অনেক সময় একটি ছবি হাজারো শব্দের চেয়ে শক্তিশালীভাবে কোনো ঘটনা, সমাজ ও মানুষের বাস্তবতাকে তুলে ধরে। সংবাদ সংগ্রহ ও পরিবেশনে ফটোসাংবাদিকদের ভূমিকা তাই গুরুত্বপূর্ণ।"
বিপিজেএর নেতৃত্ব আরও উল্লেখ করেন, দেশের বিভিন্ন সংকট, আন্দোলন, দুর্যোগ এবং রাজনৈতিক ও সামাজিক গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো সাধারণ মানুষের সামনে আনতে ফটোসাংবাদিকেরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেন। পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে তাঁদের নানা প্রতিকূলতার সম্মুখীন হতে হয়। তাই তাঁদের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার পাশাপাশি পেশাগত মর্যাদা ও অধিকার রক্ষা করা জরুরি বলে তারা মনে করেন।
আয়োজকদের মতে, এই শোভাযাত্রার মাধ্যমে দেশের ফটোসাংবাদিকদের ঐক্য, পেশার প্রতি দায়বদ্ধতা এবং সমাজ ও ইতিহাসে আলোকচিত্রের গুরুত্ব প্রতিফলিত হয়েছে। শোভাযাত্রা শেষে বিপিজেএ কার্যালয়ে সদস্যদের মধ্যে শুভেচ্ছা ও সৌহার্দ্য বিনিময়ের মধ্য দিয়ে দিবসটির কর্মসূচি সমাপ্ত হয়।